মহিলাদের মূত্রনালীর সংক্রমণ অবহেলা করা উচিত নয়

আপডেট : ২৯ মে ২০১৯, ২২:০৭

ডা. মোড়ল নজরুল ইসলাম

অনেক স্বাস্থ্য সমস্যা আছে যা পুরুষের মতো মহিলাদেরও সমভাবে বিব্রত করে। কিন্তু মহিলাগণ এসব স্বাস্থ্য সমস্যায় চিকিত্সকের কাছে খুবই কম যান। এমনকি এসব সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে প্রকাশ করতে চান না। তেমনি একটি স্বাস্থ্য সমস্যা হচ্ছে ইউটিআই বা ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন। আর মহিলাদের ইউটিআই বেশি হবার ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞদের মতে, মহিলাদের মূত্রনালী অপেক্ষাকৃত কম দীর্ঘ যে কারণে ব্যাকটেরিয়া সহজেই মূত্রনালিতে প্রবেশ করে সংক্রমণ সৃষ্টি করতে পারে। এছাড়া স্বামী-স্ত্রী সম্পর্কের সময় অথবা এ ধরনের সম্পর্কের কারণেও এ সংক্রমণ হতে পারে। পাশাপাশি মহিলাদের মূত্রনালী পায়ুপথের কাছাকাছি থাকায়ও সংক্রমণের ঝুঁকি বেশি। যে সমস্ত মহিলাদের ডায়াবেটিস রয়েছে তাদের ইউটিআই হবার ঝুঁকি সবচেয়ে বেশি। মূত্রনালীর সংক্রমণের উপসর্গসমূহের মধ্যে রয়েছে, প্রস্রাবের সময় ব্যথা অনুভূত হওয়া, বারবার প্রস্রাবের বেগ সত্ত্বেও কম পরিমাণ ইউরিন নিঃসরণ হওয়া, কোমরের নিচে বা তলপেটে তীব্র ব্যথা হওয়া, অনেক ক্ষেত্রে ক্লাউডি ডার্ক, ব্লাডি অথবা গন্ধযুক্ত ইউরিন নিঃসরণ হওয়া, দুর্বল বোধ করা এবং শরীরের তাপমাত্রা বৃদ্ধি ইত্যাদি।

সাধারণত শুধুমাত্র ইউরিন পরীক্ষার মাধ্যমে ইউটিআই বা ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন শনাক্ত করা যায়। সাধারণত ব্যাকটেরিয়া বা জীবাণুর মাধ্যমে মূত্রনালীর সংক্রমণ ঘটে। সাধারণত জীবনের কোনো না কোনো সময়ে ইউটিআই হবেই। যদি বছরে ৩ বার বা তার চেয়ে বেশি সময় এধরনের সংক্রমণ হয় তবে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নিতে হবে। যথাযথ এন্টিবায়োটিক সেবনের মাধ্যমে মূত্রনালীর সংক্রমণ চিকিত্সা করা যায়। বিশেষজ্ঞদের অভিমত কিছু কিছু নিয়ম মেনে চললে অবশ্যই মূত্রনালীর সংক্রমণ রোধ করা যায়। এক্ষেত্রে প্রস্রাব করার সময় চেষ্টা করতে হবে ব্লাডারে যেন ইউরিন থেকে না যায়। সামনে-পিছনে ভালো করে ওয়াশ করতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। ঘ্রান ও কেমিক্যালযুক্ত স্প্রে ব্যবহার করা যাবে না। স্বামী-স্ত্রীর সম্পর্ক হবার পূর্বে উভয়ের ভালো করে পরিষ্কার হয়ে নিতে হবে এবং মূত্র ত্যাগের পর ক্লিন করে নিতে হবে। কটনের আন্ডার ওয়ার পরিধান করতে হবে ইত্যাদি। আর বিবাহিত হলে স্বামী-স্ত্রীর একই ধরনের হাইজিন মেইনটেইন করতে হবে।

লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ