দেশে এক লাখ ফ্রি ওয়াইফাই কানেকটিভিটি চালু করা হবে .................................................. সজীব ওয়াজেদ জয়

আপডেট : ১২ জুলাই ২০১৪, ২১:৫০
দেশে এক লক্ষ ফ্রি ওয়াইফাই কানেকটিভিটি চালু করা হবে বলে জানিয়েছেন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এটি হলে ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে লেখাপড়া করার সুযোগ সৃষ্টি হবে। গতকাল শনিবার বিকেলে পীরগঞ্জ উপজেলায় ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক স্থাপিত কম্পিউটার ল্যাব এবং ৩ শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত ওয়াইফাই কানেকটিভিটি’র উদ্বোধন কালে তিনি একথা বলেন। সজীব ওয়াজেদ জয় বলেন-দেশের প্রতিটি স্কুলে একটি করে ওয়াইফাই জোন করবে সরকার। সে লক্ষ্যে গত পাঁচ বছরে সরকার ২৫০০০ কম্পিউটার ল্যাব বানিয়েছে। বিকেলে পীরগঞ্জ কছিমন নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর-৬ পীরগঞ্জ আসনের এমপি ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়’র মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী- জুনায়েদ আহমেদ পলক, স্থানীয় সরকার পল্ল¬ী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী-মশিউর রহমান রাঙ্গা প্রমুখ। সজীব ওয়াজেদ জয় পরে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ৫০ গ্রামে ৩ হাজার পরিবারের মাঝে বিদ্যুত্ সংযোগের উদ্বোধন শেষে পাটচাষি সমাবেশে বক্তব্য রাখেন। এ সমাবেশে জয় বলেন- পীরগঞ্জের মানুষ বিদ্যুতের দাবি করেছিল। আমি ওয়াদা করেছিলাম সবার ঘরে ঘরে বিদ্যুত্ পৌঁছে দেব। গর্বের সঙ্গে বলতে পারছি ৫০টি গ্রামকে বিদ্যুতের আওতায় আনা হয়েছে। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বিদ্যুত্ দাবি করায় গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। দেশে বর্তমানে বিদ্যুতের অভাব নেই। গ্রামে গ্রামে ঘরে ঘরে বিদ্যুত্ পৌঁছে দিচ্ছি। জয় আরও বলেন-আওয়ামী লীগ সরকার বাংলাদেশের উন্নয়নে যে কোন দেশের সঙ্গে লড়াই করতে প্রস্তুত। বাংলাদেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকার কোন ভয় পায় না। অন্য দেশ কি চায়, কি চায় না, সেটা বড় কথা নয়, দেশের প্রয়োজন কি সেটাই বড় কথা। আওয়ামী লীগ সরকার গুরুত্ব দেয় দেশের উন্নয়নে। সজীব ওয়াজেদ জয় বলেন, আওয়ামী লীগ সরকারই দেশের জন্য কাজ করে। গত বছর মিয়ানমারের সাথে সমুদ্র বিজয়, এবার ভারতের সাথেও সমুদ্র জয় করেছে। অধিকার আদায়ে আওয়ামী লীগ কারো কাছে মাথা নত করে না। উত্তরাঞ্চলকে হাইটেক শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় রংপুরে দ্রুত গ্যাস সংযোগের দাবি জানান। পীরগঞ্জে একটি টেক্সটাইল বিশ্ববিদ্যালয় গড়ে তোলার দাবিও জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, নারী শিক্ষায় বর্তমান সরকার দৃষ্টান্ত স্থাপন করেছে। সমগ্র বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের কাছে ডিজিটাল সেবা পৌঁছে দেয়াই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। পাট ও বস্ত্রপ্রতিমন্ত্রী মির্জা আজমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী- জুনায়েদ আহমেদ পলক, স্থানীয় সরকার পল্ল¬ী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী-মশিউর রহমান রাঙ্গা প্রমুখ। এর আগে পীরগঞ্জ পৌঁছে সজীব ওয়াজেদ জয় তাঁর পিতা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রয়াত এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন। ভাই-বোনে ভোট হয় না রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতি এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ঘোষণা দিয়েছেন ৫ জানুয়ারি নির্বাচনের মতো আগামীতে আর কখনো পীরগঞ্জ আসনে জাতীয় পার্টি প্রার্থী দিবে না। জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ভাই-বোন উল্লেখ করে রাঙ্গা বলেন, ভাই-বোনে ভোট হয় না। আমরা কস্মিনকালেও এ আসনে প্রার্থী দেব না।