বাঘায় টেলিমেডিসিন প্রকল্পের মাধ্যমে চরবাসীর স্বাস্থ্যসেবা

আপডেট : ১২ জুলাই ২০১৪, ২১:৫১
শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশনের দিক থেকে বরাবরই অবহেলিত বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলের জনগোষ্ঠী। এর প্রধান কারণ দারিদ্র্যতা। এক পরিসংখ্যানে দেখা গেছে, চরাঞ্চলের শতকরা প্রায় ৮০ ভাগ মানুষ দারিদ্র্যসীমার মধ্যে জীবন-যাপন করেন। এ কারণে ওই অঞ্চলে মৃত্যুহারও বেশি। সমপ্রতি এই মৃত্যুহার কমানোসহ চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়নের কথা ভেবে সেখানে চালু হতে যাচ্ছে বর্তমান সরকারের টেলিমেডিসিন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে চিকিত্সা সেবা পাবে চরাঞ্চলবাসী। এর আগে নদী ও জীবন-২ প্রকল্পের মাধ্যমে সেখানকার হতদরিদ্র মানুষদের দেয়া হয়েছে শিক্ষা, স্যানিটেশন ও কৃষি খাতে আর্থিক সহায়তা। সূত্রে জানা যায়, উপজেলার দুর্গম পদ্মার চরাঞ্চলের হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন ও দারিদ্র্যতা নিরসনসহ শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশনের উপরে গত দুই বছর ধরে কাজ করে আসছে স্থানীয় বেসরকারি সংগঠন সমতা নারী কল্যাণ সংস্থা। আর তাদের সহায়তা দিয়ে আসছে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড। এরই ধারাবাহিকতায় এ মাসের প্রথম সপ্তাহে বাঘা উপজেলা হলরুমে আনুষ্ঠানিকভাবে চরাঞ্চলবাসীকে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে স্বাস্থ্যসেবা দেয়ার লক্ষ্যে উদ্বোধন করা হয়েছে বর্তমান সরকারের টেলিমেডিসিন প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে মোবাইলে স্বাস্থ্যসেবা দেয়া হবে। এর ফলে চরাঞ্চলের লোকজনকে দীর্ঘপথ অতিক্রম করে আর উপজেলা সদরে আসতে হবে না। এ জন্য চরাঞ্চলে ৭টি টেলিমেডিসিন সেন্টার প্রতিষ্ঠা করাসহ সাতজন গ্রাম্য চিকিত্সকে প্রশিক্ষণের এবং সাতটি ল্যাপটপ প্রদান করা হয়েছে। এর মাধ্যমে রোগীর বর্ণনা ও ছবিসহ প্রকল্পের বিশেষজ্ঞ চিকিত্সকের নিকট পাঠানো হবে তথ্য। এরপর সেই তথ্যের উপর ভিত্তিকরে চিকিত্সা প্রদান করা হবে। এ ক্ষেত্রে বিশেষ প্রয়োজন ছাড়া বিশেষজ্ঞ চিকিত্সকের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। এ বিষয়ে যোগাযোগ করা হলে সমতা নারী কল্যাণ সংস্থার (এসএনকেএস) নির্বাহী পরিচালক নজরুল ইসলাম জানান, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, টেলিমেডিসিন ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ ও গ্রামীণফোনের সহযোগিতায় (এসএনকেএস) প্রকল্পটি বাস্তবায়নে কাজ করবে। এই প্রকল্পের অধীনে সেবা পাবে শুধুমাত্র উপজেলার চরাঞ্চলবাসী। যা স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র বলেন, চরাঞ্চলের মানুষের জীবন-মানের কথা ভেবে বর্তমান সরকার যে টেলিমেডিসিন প্রকল্প হাতে নিয়েছে তা খুবই ইতিবাচক। এতে করে একদিকে উপকৃত হবে চরাঞ্চলবাসী, অপরদিকে উপকৃত হবে দেশ।