ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) শাহরিয়ার আল মামুন নবীনগর থানায় যোগদানের কয়েকদিনের মাথায় পরিবেশ আইনকে উপেক্ষা করে তার বিরুদ্ধে গাছের ডালপালা কর্তনের নামে থানার ভিতরে নিরাপদে থাকা কয়েকশ’ পানকৌড়ি নিধন করার অভিযোগ উঠেছে। পানকৌড়ি ধরতে গিয়ে শুক্রবার রাতে গাছ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত সাজু মিয়ার (১৪) বাড়ি নবীনগরে। স্থানীয়রা জানান পানকৌড়ির অভয়াশ্রমের গাছগুলি কাটার সময় সন্ধ্যায় সাজু পানকৌড়ি ধরতে গাছে ওঠে। হঠাত্ পা পিছলে সে গাছ থেকে পড়ে যায়।
গত বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় এই নিধন প্রক্রিয়া। পাখি সংরক্ষণ আইনে পাখি নিধন আইনত দণ্ডনীয় অপরাধ হলেও পুলিশের বেলায় দণ্ড দেবেন কে? এমন প্রশ্ন তুলেছেন এলাকার শত শত জনতা। নিধনের কারণ জানতে চাইলে সহকারী পুলিশ সুপার মামুন বলেন, থানার ভিতরের পরিবেশ ভয়াবহ তাই দু’একটি ডালপালা কাটা হয়েছে। কিশোরের মৃত্যুর খবরটি আমি নিশ্চিত নই তবে শুনেছি পানকৌড়ি ধরতে গেয়ে গাছ থেকে পড়ে সে গুরুতর আহত হয়েছে ।
