মীর্জাগঞ্জে ফরমালিনযুক্ত আম জব্দ, লক্ষাধিক টাকা জরিমানা

আপডেট : ১২ জুলাই ২০১৪, ২১:৫২
মীর্জাগঞ্জ উপজেলা সদরস্থ সুবিদখালী বন্দর ও সংলগ্ন কাকড়াবুনিয়া বাজারের বিভিন্ন ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালত গতকাল শনিবার অভিযান চালিয়ে ফরমালিন মিশ্রিত ৫২ মণ আম জব্দ করেছে। একই সঙ্গে সুবিদখালী বন্দরের ৭ দোকান মালিককে ১০ হাজার টাকা করে এবং কাকড়াবুনিয়া বাজারের ৭ দোকান মালিককে ৫ হাজার টাকা করে সর্বমোট ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার মীর্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সাঈদ মোল্লার নেতৃত্বে এই অভিযান পরিচালনাকালে ইউএনও’র সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী, স্যানিটারি ইন্সপেক্টর মো. মাকসুদুর রহমান খান ও পুলিশের লোকজন। পরে উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে ফরমালিন মিশ্রিত আমগুলো ধ্বংস করা হয়।