নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান

পুলিশের খাতায় পলাতক থাকলেও নথিতে স্বাক্ষর করছেন

আপডেট : ১২ জুলাই ২০১৪, ২২:২১
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির নুরুল ইসলাম পুলিশের খাতায় পলাতক। পুলিশ খুঁজে না পেলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় চেয়ারম্যানকে ঠিকই খুঁজে পাচ্ছে। বিদায় অর্থ বছরের ইউএনও’র কার্যালয় থেকে পাঠানো বিভিন্ন নথিতে নিয়মিত স্বাক্ষর করেছেন তিনি। সর্বশেষে ২৯ জুন বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিভিন্ন প্রকল্পের সারসংক্ষেপে স্বাক্ষর করেন। জানতে চাইলে ইউএনও অভিজিত্ রায় বলেন, চেয়ারম্যান গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এটা শুনেছি। তবে তিনি পলাতক কি না জানিনা। তিনি আরো বলেন, অর্থ বছরের শেষে বেশ কিছু সরকারি বিলে নথিতে উপজেলা চেয়ারম্যানের স্বাক্ষর দরকার হয়। আমার কার্যালয় থেকে বিলের সারসংক্ষেপ চেয়ারম্যানের কার্যালয়ে পাঠানো হয়েছিল। চেয়ারম্যান স্বাক্ষরসহ সেসব নথি ফেরত এসেছে। গত ১৯ জুন বগুড়ার বিচারিক হাকিম আহম্মেদ শাহরিয়ার তারিকের আদালতে হাজির না দেয়ায় জামিন বাতিল করে নুরুল ইসলামের বিরোধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি অফিস করছেন না। বগুড়া সরকারি পিপি হেলালুর রহমান বলেন, গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে কোন আসামি সরকারি নথিতে স্বাক্ষর করতে পারে না। থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী আলী বলেন, উপজেলা চেয়ারম্যানের বিরোধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা ২৩ জুন থানায় আসে। এরপর থেকে তার সরকারি দপ্তর বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় অভিযান চালানো হয়েছে। তিনি এলাকায় না থাকায় গ্রেপ্তার সম্ভব হয়নি। মুঠো ফোন বন্ধ থাকায় চেয়ারম্যানের বক্তব্য পাওয়া যায়নি।