দুমকী উপজেলার ৫টি ইউনিয়নে ২০১৩ সালে আটহাজার ভিজিএফের কার্ড বরাদ্দ ছিল। ২০১৪ সালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র ও দুঃস্থ অসহায় গরিবদের মধ্যে ৩২৩১টি ভিজিএফ কার্ড বরাদ্দ হলে স্থানীয় জনগণ এবং ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। উপজেলা অফিস সূত্রে জানা যায়, পোভার্টি ইনডেক্সে দুমকী উপজেলায় হতদরিদ্র, অসহায় গরীব মানুষের তথ্য কম দেখানোর কারণে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, মহাখালী থেকে পত্রাদেশের বরাদ্দ অনুযায়ী দুমকীতে গতবছরের তুলনায় ৪৭৬৯টি কার্ড কম এসেছে। এ নিয়ে দুমকীতে উপজেলা প্রশাসনের উপর চড়াও হচ্ছে ইউপি চেয়ারম্যানবৃন্দ। দুমকী উপজেলা ছাড়া পটুয়াখালী জেলার অন্য উপজেলাগুলোতে বরাদ্দ গতবছরের চেয়ে দ্বিগুণ।
ইউএনও বলেন, শুধু ভিজিএফই নয় কাবিখা, কাবিটা, টিআরসহ বিভিন্ন বরাদ্দ পোভার্টি ইনডেক্সে ভুল তথ্যের কারণে কম আসছে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবহিত করা হয়েছে। ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মরতুজা ও সাইফুল আলম মৃধা বলেন, বিষয়টি সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ ও উপজেলা চেয়ারম্যানের সমন্বয়ে স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে সমাধান করার চেষ্টা চলছে।
