ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প-কারখানার শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস ২০ রমজানের আগে পরিশোধের আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে তিনি বিজিএমইএ, বিকেএমইএসহ পোশাকশিল্প মালিকদের বিভিন্ন সংগঠনের নেতাদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন। ‘বিষমুক্ত খাবার, ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস প্রদান ও নিরাপদে বাড়ি ফেরা’ নিশ্চিত করার দাবিতে ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর শাখা এ সমাবেশের আয়োজন করে।
ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা শ্রমিক নেতা আমিরুল হক আমিন, যুবনেতা মোস্তফা আলমগীর রতন, আইনজীবী নেতা জোবায়দা পারভীন, মহানগর নেতা কিশোর রায়, আবুল কালাম, নারী নেত্রী শিউলী শিকদার, গার্মেন্টস শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন, সাফিয়া খাতুন, তপন সাহা, রুহুল আমিন হাওলাদার, হকার্স নেতা আরিফ চৌধুরী, গৃহশ্রমিক নেতা মুর্শিদা আখতার নাহার, ছাত্রনেতা তরুণ প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পার্টি কার্যালয়ে এসে শেষ হয়।
