গৌরনদীতে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধের ঘটনায় একজন গ্রেফতার

আপডেট : ১২ জুলাই ২০১৪, ২২:২২
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ আকতার হোসেন বাবুলকে চাঁদার দাবিতে অবরুদ্ধ করে রাখার ঘটনায় গতকাল শনিবার সরকারি দলের ক্যাডার রকি হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রকি উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ দেলোয়ার হোসেন দিলুর পুত্র। জানা গেছে, রকি ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ আকতার হোসেন বাবুলের কাছে গত কয়েকদিন যাবত্ মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে রকি ইউনিয়ন পরিষদ ভবনে প্রবেশ করে ইউনিয়ন তথ্য কেন্দ্রের মোঃ কাওছার হোসেনের কাছে চাঁদা দাবি এবং গালমন্দ করে। পরে রাতে রকি চেয়ারম্যান বাবুলের বাটাজোর বন্দরস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করে। চেয়ারম্যান চাঁদা দিতে রাজি না হওয়ায় রকি তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধর করার চেষ্টা করে এবং চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখে। স্থানীয়রা গৌরনদী থানায় খবর দিলে পুলিশ এসে চেয়ারম্যানকে উদ্ধার করে। কিন্তু অজ্ঞাত কারণে রকিকে আটক করলেও পরে পুলিশ তাকে ছেড়ে দেয়। পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ পুনরায় তাকে গ্রেফতার করে।