লাকসামে সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ

আপডেট : ১২ জুলাই ২০১৪, ২২:২২
কুমিল্লা লাকসামে কর্মসৃজন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার ৭টি ইউনিয়নের প্রায় সবক’টিতেই এ প্রকল্পের অর্থ হরিলুটের অভিযোগ রয়েছে। ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পে ইউপি চেয়ারম্যান ও নেতাদের আত্মীয়-স্বজন, স্বচ্ছল ও স্বল্পসংখ্যক লোক নিয়োগ করে সামান্য কাজ করিয়ে প্রকল্পের টাকা উত্তোলনের প্রেক্ষিতে এ অভিযোগ ওঠে। কুমিল্লা জেলা প্রশাসক ও লাকসাম উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাখিলকৃত অভিযোগে উপজেলার বাকই ইউনিয়নের ২০ জন শ্রমিকের স্থলে ৮ জন দিয়ে কাজ করানো হয়। বাকি ১২ জনের ভুয়া নাম দেখিয়ে একাউন্ট থেকে টাকা উত্তোলন করে প্রকল্পের সভাপতি, শ্রমিক সর্দার ও গ্রাম উন্নয়ন কমিটির সদস্যরা ভাগ-বাটোয়ারা করে নেয়। তারা ব্যাংকের লোকদের যোগসাজশে ভুয়া টিপসই ও স্বাক্ষর জাল করে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের বিল উত্তোলন করে। এ ব্যাপারে কাজের মান নিয়ে স্থানীয় লোকজন লেবার সর্দার ফারুককে জিজ্ঞাসাবাদ করলে তাদেরকে অকথ্য গালাগালসহ হুমকি-ধমকি দেয়। অভিযোগে উল্লেখিত ভুয়া শ্রমিকদের নামের মধ্যে শাহাদাত হোসেন, হাবিবুর রহমান, ছালামত উল্যাহ, নুরুল ইসলাম, মনি বেগম, ফেরদৌসি বেগম, সোলেমানের নাম রয়েছে। শ্রমিকের তালিকায় স্থান পাওয়া অনেক দামি মোটরসাইকেলসহ নানা ব্যবসারও খবর পাওয়া গেছে এ ব্যাপারে প্রকল্প কর্মকর্তা বাহারুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, স্থানীয়ভাবে সমস্যার কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম জানান, অভিযোগের তদন্ত চলছে।