বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সাথে অন্যান্য ক্যাডারের বিদ্যমান বেতন বৈষম্য ও শিক্ষা ক্যাডারের পদ আপগ্রেডেশনের দাবি জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। গতকাল শনিবার শিক্ষক হারুন-অর-রশিদ কল্যাণ তহবিলের সাত লাখ বাইশ হাজার টাকার চেক প্রদান ও ইফতার অনুষ্ঠানে বেতন ও চাকরি কমিশনের সভাপতি ড. মোহাম্মদ ফরাস উদ্দিনের কাছে এ দাবি জানানো হয়।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ আগামী বেতন স্কেলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রদত্ত গৃহনির্মাণ ও মোটরগাড়ি ক্রয় অগ্রিমের পরিমাণ যুগোপযোগী করার আহবান জানান। এছাড়া শিক্ষা ক্যাডারে পদোন্নতি সমস্যা নিরসনকল্পে ব্যাচভিত্তিক পদোন্নতি প্রদান, অর্জিত ছুটি প্রদান, অধ্যাপকদের সিলেকশনগ্রেড প্রদানসহ বিভিন্ন যৌক্তিক দাবি অতিদ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি প্রফেসর নাসরীন বেগম। উল্লেখ্য, ২০১০ সালের ২১ মার্চ সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক হারুন-অর-রশিদ ইভটিজিং এর প্রতিবাদ করায় দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত হন। তার এই সাহসী কর্মকাণ্ড ও ত্যাগের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ সমিতির সাধারণ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ অনুদানের তহবিল সংগৃহীত হয়। হারুন-অর-রশিদের পক্ষে চেক গ্রহণ করেন তাঁর সহধর্মিণী আফরোজা আক্তার।
