মার্কিন কংগ্রেসে মোদীর ভাষণ শুনতে চান শীর্ষ কংগ্রেসম্যান

আপডেট : ১২ জুলাই ২০১৪, ২২:৫০
আগামী সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে মার্কিন কংগ্রেসে প্রধানমন্ত্রী মোদীর ভাষণ শুনতে চান শীর্ষ কংগ্রেসম্যানরা। এজন্য তারা প্রচারণা চালাচ্ছেন। খবর এনডিটিভির। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত শুক্রবার প্রধানমন্ত্রী মোদীকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানান এবং দুই দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার অঙ্গিকার করেন। শুক্রবারই ভারতের প্রধানমন্ত্রী অফিসের এক বিবৃতিতে জানানো হয়, মোদী যুক্তরাষ্ট্র সফরে ওবামার আমন্ত্রণ গ্রহণ করেছেন। এই খবর পাওয়ার পর শীর্ষ কংগ্রেসম্যানরা মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনারের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে ডেমোক্র্যাট ও রিপাবলিকান কংগ্রেস সদসদ্যদের মধ্যে ৩৬ জন স্বাক্ষর করেছেন। চিঠিতে মোদী যাতে কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন সেই ব্যবস্থা গ্রহণ করতে কংগ্রেসম্যানরা স্পিকারকে অনুরোধ জানিয়েছেন। তবে স্পিকারের অফিস থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।