বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী দুর্গম দৌছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি আমতলী এলাকায় ৫০ থেকে ৫৯ নং সীমান্ত পিলার এলাকা থেকে শত শত রাউন্ড গুলিবর্ষণের শব্দ পাওয়া গেছে। ১১ জুলাই থেকে ১২ জুলাই বিকাল ৪টা পর্যন্ত গুলিবর্ষণের এই শব্দ পাওয়া যায়। দৌছড়ি সদরের ৫নং ওয়ার্ডের বাসিন্দা শাহাবউদ্দিন জানান, গুলিবর্ষণের ঘটনায় সীমান্তে বসবাসকারী লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
তবে সীমান্তের জিরো লাইনের ভিতরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দৌছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ।
লেম্বুছড়ির স্থানীয়রা জানিয়েছেন, গত ১১ জুলাই সকাল সাড়ে ৯টায় ৫৯ ও ৫০ নম্বর পিলার এলাকায় প্রচণ্ড গুলিবর্ষণ শুরু হয়। থেমে থেমে গুলির আওয়াজ শোনা যায়। লেম্বুছড়ি ও পানছড়িসহ সীমান্ত এলাকায় বর্ডার গার্ড, বাংলাদেশ-এর ৩১ ব্যাটালিয়নের সদস্যরা সতর্কাবস্থায় রয়েছেন। কী কারণে এই গুলি তা স্পষ্ট করে কেউ বলতে পারছেন না। স্থানীয় ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ জানান, সকাল থেকে সীমান্তের জিরো লাইনের ওপার থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে। ওই এলাকার ইউপি সদস্য আবদু রহিম জানান, সকাল সাড়ে ৯টা থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে। এটি তাদের প্রশিক্ষণ অংশও হতে পারে আবার সন্ত্রাসী গোষ্ঠী আরএসওর সঙ্গে বন্দুকযুদ্ধও হতে পারে। তবে লেম্বুছড়ি সীমান্তের লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। গুলিবর্ষণের এই ঘটনায় বাংলাদেশ সীমান্তে কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর বায়ানডোলা ক্যাম্পে ১ থেকে ৮নং সার্ব ক্যাম্প পর্যন্ত এই গুলিবর্ষণ হচ্ছে বলে তারা খবর পেয়েছে।
