হরিণাকুণ্ডু ও কোটচাঁদপুরে বন্দুকযুদ্ধে দুই চরমপন্থি নিহত

আপডেট : ১২ জুলাই ২০১৪, ২২:৫৭
ঝিনাইদহের হরিণাকুন্ডু ও কোটচাঁদপুরে পুলিশের সাথে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই চরমপন্থি নিহত হয়েছে। ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে হরিণাকুন্ডু থানার এসআই ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। তারা হূষখালী আমবাগান এলাকায় পৌঁছলে চরমপন্থিরা পুলিশের উপর হাতবোমা নিক্ষেপ করে। পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে। পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামের ভোমরাডাঙ্গা মাহতাব আলির ছেলে হজরত আলির (৩৫) লাশ উদ্ধার করে। সে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সদস্য। অপর দিকে কোটচাঁদপুর থানার ওসি ফজলুল রহমান জানান, উপজেলার দোড়া গ্রামের মাঠে একদল চরমপন্থি গোপন বৈঠক করছে এ মর্মে পুলিশ গোপন সূত্রে খবর পায়। রাত দেড়টার দিকে পুলিশ সেখানে অভিযান চালালে চরমপন্থিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে। চরমপন্থিরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুর রশিদ (৩০) পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সক্রিয় সদস্য বলে ওসি জানান।