সিলেটে বই উত্সব শুরু

আপডেট : ১২ জুলাই ২০১৪, ২২:৫৮
একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী পণ্ডিত রামকানাই দাশ বলেছেন, বই মানুষের বন্ধু। বইয়ের পরশ পেয়ে একজন মানুষ আমুল বদলে যেতে পারেন। বই-ই মানুষের জীবনকে আলোকিত করতে পারে। সুসময়-দুঃসময়ের সঙ্গী হিসেবে বইয়ের কোন বিকল্প নেই। যত বেশি বই পড়া সম্ভব হবে তত বেশি জ্ঞানের দুয়ার খুলবে। সিলেট নগরীর জিন্দাবাজারে রাজা ম্যানশনে গতকাল শনিবার দুপুরে সৃজনশীল বইয়ের বিপণন প্রতিষ্ঠান ‘বইপত্র’ আয়োজিত পক্ষকালব্যাপী বই উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উত্সব উপলক্ষে ‘বইপত্র’ আগামী ২৫ জুলাই পর্যন্ত বিশেষ ছাড়ে দেশি ও বিদেশি বই বিক্রি করবে। ‘ঈদের আনন্দে যুক্ত হোক বইপড়ার আনন্দ’ শীর্ষক এ বই উত্সবে পাঠক-লেখক-ক্রেতাদের স্বাগত জানিয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সেলিমা সুলতানা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—কবি শুভেন্দু ইমাম, শিশুসাহিত্যিক তুষার কর, অঙ্গীকার বাংলাদেশের পরিচালক মন্ডলীর সদস্য মঈনুদ্দিন আহমদ জালাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, সিলেট কমার্স কলেজের উপাধ্যক্ষ মোস্তাক আহমেদ দীন, কবি-গবেষক সুমনকুমার দাশ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নুসরাত জাহান, কবি মালেকুল হক প্রমুখ।