গল্প নয় সত্যি

‘পিজা ক্যাপ্টেন!’

আপডেট : ১৩ জুলাই ২০১৪, ১৯:৪৩
সম্প্রতি নিজের খরচে বিমানের প্রায় ১৬০ জন যাত্রীর জন্য পিজা কিনে খাওয়ানোর মধ্য দিয়ে সংবাদ শিরোনাম হয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একজন পাইলট। ওয়াশিংটন ডিসি থেকে ডেনভারগামী এই বিমানটি বাজে আবহাওয়ার কারণে ওয়াইওমিং এর শায়ানে অবতরণ করতে বাধ্য হয়। আর এ সময় আটকে পড়া যাত্রীদের জন্য ডমিনোস এর স্থানীয় একটি শাখায় ফোন করে প্রায় ৩৫টি পিজা অর্ডার করেন বিমানটির পাইলট ক্যাপ্টেন ব্র্যাডনার। রাত দশটার দিকে ব্র্যাডনারের ঐ ফোন পাওয়ার সময়টিতে দোকান প্রায় বন্ধই করে দিয়েছিলেন পিজা শপটির ম্যানেজার এন্ড্রিউ রিচি। কিন্তু পাইলটের কাছ থেকে অর্ডারটির বিস্তারিত শোনার পর তিনি তার সকল কর্মীকে পুনরায় কাজে নিয়োজিত করেন এবং মাত্র এক ঘণ্টার মধ্যেই বিমানটিতে পিজা পৌঁছে দেন। এদিকে মাঝরাতে খারাপ আবহাওয়ার কারণে আটকে পড়া যাত্রীদের মধ্যে কেবিন ক্রু’রা যখন পিজা বিতরণ করতে শুরু করেন তখন উপস্থিত সকল যাত্রীই বেশ অবাক হয়েছিলেন। আর এদেরই একজন লোগান টরেস বিমানে এভাবে পিজা বিতরণের ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করলে মুহূর্তেই এটি ছড়িয়ে পড়ে গোটা অনলাইন দুনিয়ায়। লোগান তার ছবির সাথে সংযুক্ত বর্ণনায় লেখেন, ‘এটা সত্যিই অসাধারণ এক মহানুভবতা। এটি শুধুমাত্র কিছু লোককে পিজা কিনে খাওয়ানো নয়, বরং এটি হলো নিজের দায়িত্বের বাইরে বেরিয়ে একদল লোকের খেয়াল রাখা যাদের দায়িত্ব আপনার ওপর অর্পিত ছিল। এটি কৃতজ্ঞতা প্রকাশের মতোই একটি বিষয় এবং আমি খুবই খুশি এই ভেবে যে এই ক্যাপ্টেন তার মহানুভবতার জন্যই অন্য সকলের নজরে পড়বেন। আমার এই পৃথিবীতে তার মতো আরও অনেক ‘পিজা ক্যাপ্টেন’ চাই এবং এদেরই কারণে এই পৃথিবীটা থাকার জন্য আরও ভালো একটি স্থান হয়ে উঠবে।’ এদিকে এই ঘটনার পরদিন স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাত্কারে ক্যাপ্টেন ব্র্যাডনার জানিয়েছেন, ‘প্রয়োজন হলে আপনার পরিবারের সদস্যদের খেয়াল করা যেমন আপনার দায়িত্ব তেমনি আপনার অধীনে থাকা বিমান যাত্রীদের প্রতিও আপনার একটা দায়িত্ব রয়েছে। কাজেই ওই মুহূর্তে আটকে পড়া যাত্রীদের প্রয়োজন মেটাতে এগিয়ে আসাটাই আমার দায়িত্ব ছিল বলে আমি মনে করি।’ তবে নিজের এই অনুভূতির কথা জানালেও পিজা কেনা বাবদ তিনি কত টাকা খরচ করেছেন তা কাউকে জানাননি ক্যাপ্টেন ব্র্যাডনার।