শেয়ারবাজারে টানা নয় কার্যদিবস ধরে সূচক কমছে। একইসঙ্গে লেনদেন তলানীতে নেমে এসেছে। গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ১৪৯ কোটি টাকা। প্রায় নয় মাস পর ডিএসই’র লেনদেন দেড়শ’ কোটি টাকার নীচে নেমে আসলো। বাজার সংশ্লিষ্টরা বলছেন, হঠাত্ করে বাজারে সূচক ও লেনদেন তলানীতে নেমে এসেছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে তীব্র আস্থার সঙ্কট স্পষ্ট হয়ে উঠছে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৮ পয়েন্ট কমে ৪ হাজার ৩৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৫৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৪৯ কোটি ৯৬ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ১৯ কোটি ৭২ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৯১টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৬৩ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৭ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২০৯টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের।
এদিকে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন আগামী ১০ আগস্ট রবিবার থেকে সংগ্রহ করা শুরু হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। ১০ আগস্ট থেকে শুরু হয়ে ২৩ আগস্ট পর্যন্ত চলবে এ আবেদন। আর প্রবাসী বাংলাদেশিরা ২৩ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। আইপিওর মাধ্যমে কোম্পানিটি ৪ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করবে। ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের জন্য প্রিমিয়াম নেয়া হবে ২৫ টাকা।
