কালিয়াকৈরে ব্যবসায়ী খুনের বিচার ছয় বছরেও হয়নি

আপডেট : ১৩ জুলাই ২০১৪, ২১:০৬
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারের মেসার্স আল মদিনা খাদ্য ভান্ডারের মালিক, সফিপুর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির অর্থ-সম্পাদক হাজী আব্দুস সামাদ ২০০৮ সালের ১৩ জুলাই প্রকাশ্য দিবালোকে ছিনতাইকারীর হাতে নৃশংসভাবে খুন হন। দীর্ঘ ছয় বছরেও ব্যবসায়ী সামাদ খুনের বিচার পায়নি তার পরিবার। জানা যায়, ওইদিন সকালে আব্দুস সামাদ ও তার ছোট ভাই আমীর হোসেন ছামু একটি কালো ব্যাগে করে অর্ধকোটি টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজারের পশ্চিম পাশে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের সামনে পৌঁছিলে ১০/১২ জনের একদল সন্ত্রাসী একটি সাদা রঙের প্রাইভেটকার থেকে নেমে বোমা ফাটিয়ে ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে আতংক সৃষ্টি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিতে গেলে তারা দু’ভাই বাধা দেয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা ব্যবসায়ী সামাদকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে তার কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এ সময় তার ছোট ভাই ছামু বাধা দিলে ছিনতাইকারীরা তার পায়ে গুলি করে টাকার ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। সামাদকে দ্রুত হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু ঘটে।