স্বামীর নির্যাতন সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা

আপডেট : ১৩ জুলাই ২০১৪, ২১:০৭
নলছিটিতে স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক গৃহবধূ গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। গতকাল রবিবার পৌর শহরের বন্দর সরকারি প্রাইমারী স্কুলসংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে। শনিবার গভীর রাতে ওই বাসার আরিফ হোসেনের সঙ্গে তার স্ত্রী মৌ-এর বাকবিতণ্ডা হয় এবং মারধরের ঘটনা ঘটে। পরে সেহেরি খেয়ে আরিফ ঘুমিয়ে পড়লে তার স্ত্রী খুব ভোরে গায়ে কেরোসিন ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেয়। এতে গৃহবধূ মৌ-এর শরীরের অর্ধাংশ পুড়ে যায়। তার ডাক-চিত্কারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে দ্রুত তাকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সেখান থেকে ঢাকা প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।