ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সৈয়দটুলা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রায় অর্ধশত বছরের পুরোনো জরাজীর্ণ ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মাণের কার্যাদেশ দেয়ার একবছর পার হলেও ভবন নির্মাণ কাজ শুরু হয়নি। এতে করে লেখাপড়াই শুধু বিঘ্নিত হচ্ছে না, সম্পূর্ণ হুমকির মুখে পড়েছে এলাকার ৫ শতাধিক শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম। নতুন ভবন নির্মাণ না হওয়ায় খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টিতে ভিজে চলছে পাঠদান কার্যক্রম। এতে অমনোযোগী হয়ে পড়ছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত সরাইল উপজেলা সদরে সৈয়দটুলা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ভবনেই চলছিল। ২০১৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ প্রায় ৬৩ লাখ টাকা ব্যয়ে ৬তলা ভিত্তির উপর একতলা ভবন নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগ করে কার্যাদেশ দেয়ার একবছর পেরিয়ে গেলেও এখনো ভবন নির্মাণের কাজ শুরু হয়নি। উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম জানান, এব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হচ্ছে।
