ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল অভ্যন্তরে গতকাল রবিবার অবৈধ মোটরসাইকেল আটক অভিযানে বাধা দেয় ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। এসময় পুলিশের গাড়িতে হামলা এবং তিন কনস্টেবলকে মারধর করে তারা। এ ঘটনায় ১০ জন আহত হয়। পুলিশ জানায়, জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুসারে গতকাল সকালে সদর হাসপাতাল অভ্যন্তরে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মোটরসাইকেলের কাগজপত্র দেখতে পুলিশ সদস্যরা সেখানে গেলে প্রতিনিধিরা তাতে বাধা দেয় এবং হাসপাতালের প্রধান ফটক বন্ধ করে পুলিশ সদস্যদের ওপর চড়াও হয়। এসময় পুলিশের একটি পিকআপ ভ্যানে হামলা চালানো হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সেখানে পৌঁছে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ধাওয়া করে। এ ঘটনায় ৩ পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি মোটরসাইকেল আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
