পৃথক ঘটনায় নিহত ১৪

আপডেট : ১৩ জুলাই ২০১৪, ২১:৩৩
দেশের বিভিন্ন জায়গায় গতকাল রবিবার ও গত শনিবার বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন ১৪ জন এবং বহু সংখ্যক আহত হয়েছেন। রিপোর্ট ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ \ আহত ৩৫ ফরিদপুর-বরিশাল মহাসড়কের ঘটকচরে গতকাল রবিবার দুপুরে এক সড়ক দুর্ঘটনায় ৩ ব্যক্তি নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছে। আহতদেরকে ফরিদপুর মেডিক্যাল, মাদারীপুর সদর হাসপাতাল ও বরিশাল মেডিক্যালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের প্রায় সকলের বাড়িই বরগুনা জেলায়। সকাল সাড়ে ৬টায় সুগন্ধা পরিবহনের নামে নাজমুল নামের বাসটি (ঢাকা মেট্রো ব-১৪-১৫৬৩) বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। দুপুরে মাদারীপুর সদর উপজেলার ঘটকচরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পার্শ্বস্থ গাছের সাথে ধাক্কা খায়। ফলে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এই বাসের নারীসহ প্রায় ৪০ যাত্রী আহত হয় এবং ঘটনাস্থলে ৩ পুরুষ যাত্রী মারা যায়। ফুলবাড়ীতে টেম্পো-লেগুনা সংঘর্ষে নিহত ২ ফুলবাড়ীয়ায় টেম্পো-লেগুনা মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লাহিড়ি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের গড়পাড়া গ্রামের বাসিন্দা ফজলুল হক (৪০) ও উপজেলার কালাদহ ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের বাসিন্দা সাইফুল (২৪)। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভুঞা বিষয়টি নিশ্চিত করেছেন। নরসিংদীতে কলেজ ছাত্র নিহত, আহত ১০ নরসিংদীর রায়পুরা-মরজাল সড়কের উপজেলাধীন নবুয়ারচর নামক স্থানে যাত্রীবাহী পিকআপ-অটোরিকশা মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই মোঃ আফজাল হোসেন নামে এক কলেজ ছাত্র নিহত হয়। নিহত আফজাল হোসেন উপজেলার চরফুলদী গ্রামের তোফাজ্জল মিয়ার ছেলে এবং রায়পুরা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা যায়। এসময় গুরুতর আহত হয় অন্তত ১০জন। করিমগঞ্জে সিএনজি যাত্রী নিহত ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী রতন মিয়া (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। তার বাড়ি করিমগঞ্জ উপজেলার উত্তর গণেশপুর গ্রামে। সিএনজিটি করিমগঞ্জ উপজেলার চামটা ঘাট থেকে যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের পুলেরঘাট নামক স্থানে পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে রতন মিয়া ছিটকে মাটিতে পড়ে যায়। ট্রাকটি তার ওপর দিয়ে চলে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুঠিয়ায় বিদ্যুত্ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া নামক স্থানে গতকাল রবিবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। মৃত যুবক বদোপাড়া গ্রামের আকবর আলীর ছেলে মোঃ মোজা (৩০)। লোহাগড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মো. রুহান (১)। সে দেলোয়ার হোসেন প্রকাশ ভূট্টোর ছেলে। শিশু রোহান সবার অজান্তে হামাগুড়ি দিয়ে পার্শ্ববর্তী পুকুর পাড়ে চলে যায়। হামাগুড়ি দিতে দিতে এক সময় সে পুকুরে পড়ে ডুবে যায়। এক পর্যায়ে পার্শ্ববর্তী পুকুরে রোহানকে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ভালুকগাছীতে জমি বিরোধে এক ব্যক্তি খুন উপজেলার ভালুকগাছীতে ডাঙাপাড়া গ্রামে জমি সংক্রান্ত ঘটনার জের ধরে রবিবার দুপুরে এক ব্যক্তি খুন হয়েছে। তার নাম আঃ জলিল (৪৫)। গ্রামবাসী সূত্রে জানা গেছে, জমি নিয়ে নিহত আঃ জলিল তার বড় ভাই খলিলের বিরোধ ছিল। ঘটনার জের ধরে আঃ জলিল তার বড় ভাই খলিলকে ফালার আঘাত করে। খবর পেয়ে খলিলের শ্বশুর বাড়ির লোকজন এসে আঃ জলিলকে পিটিয়ে হত্যা করে চান্দিনায় শিশুর মৃত্যু, আহত ৪ কুমিল্লার চান্দিনায় বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে অজ্ঞত এক শিশু (৩) নিহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন পশ্চিম বেলাশহর এলাকার ঊষা জুট মিল গেইট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম জানা যায়নি। তবে সে দেবিদ্বার উপজেলার আসাদনগর গ্রামের আব্দুল কাদের মাস্টারের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আব্দুল কাদের মাস্টার (৩৫), তার স্ত্রী শেফালী বেগম (২৮), একই উপজেলার সুরপুর গ্রামের আনোয়ার হোসেন (৩০), তার স্ত্রী নিলুফা বেগম (২৫)। সুনা্মগঞ্জে দুর্ঘটনায় চালক ও রোগীর মৃত্যু সুনামগঞ্জ-সিলেট সড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মাহমুদপুর এলাকায় এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে। একই ঘটনায় এ্যাম্বুলেন্সের আরও ৩ যাত্রী আহত হয়েছেন। নিহতরা হলেন, এ্যাম্বুলেন্স চালক জেলার জামালগঞ্জ উপজেলার লালপুর গ্রামের ফয়জুর রহমানের ছেলে কদর আলী ও ওই এ্যাম্বুলেন্সটিতে বহনকারী রোগী বিশ্বম্ভরপুর উপজেলার গড়েরগাঁও গ্রামের মৃত আব্দুল ফাজিলের ছেলে আবু বক্কর (৪৫)। ঝিনাইদহে বজ্রপাতে কৃষক নিহত ঝিনাইদহের দরিবিন্নী গ্রামে বজ্রপাতে ইউনুস আলি (৩৮) নামে এক কৃষক মারা গেছেন। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে। গ্রামবাসী জানান, সকাল সাড়ে ১১টার দিকে বজ্রসহ বৃষ্টির মধ্যে ক্ষেতে কাজ করছিলেন ইউনুস আলি। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলে মারা যান।