গাইবান্ধার সাদুল্লাপুরে নির্মাণাধীন বাড়ির মধ্যে জোরপূর্বক বিদ্যুত্-এর খুঁটি স্থাপন করার অভিযোগে রংপুর পল্ল¬ী বিদ্যুত্ সমিতি-১-এর জিএম ও এজিএম-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত মামলায় গাইবান্ধা সিনিয়র জজ আদালতের বিজ্ঞ বিচারক জেনারেল ম্যানেজারকে গত ১০ জুলাই কারণ দর্শানোর নোটিস জারি করেছেন।
সাদুল্লাপুর উপজেলার চিকনী গ্রামের মিল চাতাল ব্যবসায়ী হবিবর রহমান চিকনী মৌজায় ২৪ শতাংশ জমির উপর বাড়ি করার জন্য সম্প্রতি ভিত্তি দেন। এদিকে ওই গ্রামের দক্ষিণ পাড়ার জনগোষ্ঠী তার মিল চাতালের পূর্ব পার্শ্বে অবস্থিত বৈদ্যুতিক খুঁটি থেকে নতুন করে বিদ্যুত্ সংযোগ নেয়ার জন্য আবেদন করেন।
কিন্তু উক্ত স্থান থেকে বিদ্যুত্ সংযোগ সম্প্রসারণ করা হলে যে কোন মুহূর্তে প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ কারণে বিদ্যুত্ লাইন সম্প্রসারণের রুট পরিবর্তনের জন্য গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ডা. মো. ইউনুস আলী সরকারের সুপারিশসহ বিদ্যুত্ সমিতির জেনারেল ম্যানেজারকে একাধিকবার আবেদন করা হয়।
কিন্তু তিনি কোন কর্ণপাত না করে স্থানীয় দুর্বৃত্তদের সহযোগিতায় হবিবর রহমানের মিলের বৈধ বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করেন। এতে হবিবর রহমান বাধা দিলে রংপুর পল্ল¬ী বিদ্যুত্ সমিতি স্থানীয় দুর্বৃত্তদের লেলিয়ে দিয়ে আকস্মিকভাবে হামলা চালিয়ে তার ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় হবিবর রহমান বাদী হয়ে সাদল্লাপুর থানায় মামলা দায়ের করেন।
