জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত থেকে দুই বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। আটক যুবকরা হলেন পাঁচবিবি উপজেলার উচনা গ্রামের জহির উদ্দিনের পুত্র আলম (২৫) এবং শ্রীমান্ত গ্রামের ভুদার উদ্দিনের পুত্র শফিকুল ইসলাম (২৮)।
জয়পুরহাট-০৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার জানান, শনিবার শেষ রাতের দিকে হাটখোলা সীমান্তবর্তী উচনা-সোনাতলা গ্রামের ২৮০/৫ সাব পিলার সংলগ্ন এলাকায় ভারত থেকে গরু আনার সময় দুই বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যায় বিএসএফ। তাদেরকে ফেরত চেয়ে বিজিবি’র পক্ষ থেকে পতাকা বৈঠকের প্রস্তাব দেয়া হলেও বিএসএফ এর পক্ষ থেকে এ ব্যাপারে গতকাল সন্ধ্যা পর্যন্ত কোন সাড়া মেলেনি। এঘটনাকে কেন্দ্র করে গতকাল বেলা ৩টার দিকে পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্ত ফাঁড়িতে জনসচেতনতা-মূলক একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে উপস্থিত ছিলেন জয়পুরহাট-০৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার, পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান, পাঁচবিবি থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দীন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার জনসাধারণ।
