বিশ্বের মুসলমানদের কাছে রমজান মাসটা পবিত্র মাস হিসেবে স্বীকৃত। এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছিল বলে এই মাসের গুরুত্ব সর্বাধিক। এই মাসে মুসলমানরা আল্লাহর কাছে তার সারা বছরের গুনাহ মাফের জন্য ইবাদত করেন। এই মাস শুরু হয় চাঁদ দেখার ভিত্তিতে। আর রোজা রাখা হয় সূর্য ওঠা এবং অস্ত যাওয়ার ওপর ভিত্তি করে; কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের মুসলিমরা কিভাবে রোজা রাখছেন? সেখানে কোথাও কোথাও ২৮ মে থেকে ১৬ জুলাই পর্যন্ত সূর্য কখনো অস্ত যায় না! এবছর রোজার প্রায় অর্ধেক পড়েছে এই সময়ের মধ্যে। তাই কঠিন সমস্যার মুখে পড়েছেন তারা। রোজা রাখতে হচ্ছে ঘড়ি ধরে। কখন সেহরি খাবেন আর কখন বা ইফতার তা বুঝতে অনেক সমস্যা তাদের। দিন-রাত মিলে ২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টা থেকে শুরু করে কোনো কোনো স্থানে ২৩ ঘণ্টা পর্যন্ত রোজা রাখতে হয়।
বিশ্বজুড়ে ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়ের পরিচিতি ‘নিশীথ সূর্যের দেশ’ হিসেবে। নরওয়ের রাজধানী ও বৃহত্তম শহর অসলো। মধ্যরাতেও এখানে সূর্য ওঠে। নরওয়েতে উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে কয়েক মাস সূর্য অস্ত না গিয়ে সবসময়ই আকাশ আলোকিত রাখে, বিপরীতে শীতকালে কয়েক মাস সূর্য ওঠেই না। ৬০ ডিগ্রি অক্ষাংশে অবস্থিত নরওয়ের রাজধানী অসলোয় জুন-জুলাই মিলিয়ে দুই মাস সবসময় দিনের আলো থাকে। অর্থাত্ এ সময়ে এখানে সূর্য কখনো পুরোপুরি অস্ত যায় না। এর ফলে এ সময় রাতের অন্ধকারের পরিবর্তে আলো থাকে। শুধু অসলো নয়, প্রায় একই অক্ষাংশে অবস্থিত সুইডেনের স্টকহোম বা ফিনল্যান্ডের হেলসিংকিতে ও রাশিয়ার বহু অঞ্চলে এর কাছাকাছি ঘটনা দেখা যায়। তবে বিশ্বজুড়ে নরওয়েই মধ্যরাতের সূর্যের দেশ হিসেবে চিহ্নিত।
মুসলমানরা আল্লাহর সন্তুষ্টিলাভের আশায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে রোজা পালন করেন। প্রশ্ন জাগতে পারে মনে, কোথাও যদি সন্ধ্যাই না হয় তাহলে সেখানকার ধর্মপ্রাণ মুসলমানরা রোজা শুরু করতে পারলেও শেষ করবেন কখন? এই যেমন সুইডেনের কিরুনা শহরের কথা বলা যায়। এখানে প্রায় ৭শ মুসলমান বাস করেন।
এখানকার বাসিন্দা ঘাশান আলানকার বলেন, আমি ‘রাত’ সাড়ে তিনটায় সেহরি খাই। আমার কক্ষে ডাবল জানালা; কিন্তু রাতে ঘুম থেকে ওঠার পরও দেখি দিনের আলো। এখানে বড় কোনো ইসলাম বিশেষজ্ঞ নেই যে, এ বিষয়ে সঠিক কোনো পরামর্শ কিংবা সুনির্দিষ্ট কোনো ফতোয়া দিতে পারেন।
এখানে মুসলমানরা চারটি ভিন্ন সময় মেনে চলে। তিনি বলেন, আমি মক্কার সময় মেনে চলি। যেহেতু মক্কা ইসলামের জন্মস্থান; কিন্তু তিনি সন্দিহান যে, তার রোজা আসলে আল্লাহর নিকট কবুল হয় কিনা। তিনি জানেন না যে, তিনি ঠিক কাজ করছেন কিনা। সাত মাস আগে তিনি তুরস্ক এবং গ্রিস হয়ে এক তিক্ত ভ্রমণের মধ্য দিয়ে এই কিরুনাতে আসেন। তিনি বলেন, এখানে এসে আমি আল্লাহর ঘরে গিয়েই কেবল শান্তি পাই।
ফাতিমা কানিজ নামের একজন যিনি পৃথক একটি অ্যাপার্টমেন্টে বাস করেন এবং তার বাসা থেকে বরফে ঢাকা পর্বতগুলো খুব ভালভাবেই দেখা যায়। তিনি পাকিস্তানি। তাই পাকিস্তানি আদলেই ইফতার এবং রাতের খাবার তৈরি করেন। তিনি স্মরণ করেন ৫ বছর আগের তার প্রথম দিনটিকে। তিনি বলেন, ওই সময় ছিল জুন মাস। ওই দিন আমি অপেক্ষা করছিলাম, কখন মাগরিবের আযান দেবে। আমি সকাল তিনটা পর্যন্ত আমার কক্ষের এক চীনা নাগরিকের সঙ্গে অপেক্ষা করলাম; কিন্তু আর মাগরিবের নামাজের সময় হয় না! আমি আশ্চর্যই- হলাম এটা আবার কোন দেশ। ফাতিমা বলেন, আমি কিরুনার সময় অনুযায়ী সারা বছর নামাজ পড়ি। সেই হিসেবে হয়তো ১৮ ঘণ্টা রোজা রাখতে হয়; কিন্তু আবার সময় সময় সূর্যের গতিবিধির ওপর নির্ভর করলে ২৩ ঘণ্টা রোজা রাখতে হয়। তিনি এর আগের চারটি রমজানেও একইভাবে রোজা রেখেছেন।
স্টকহোম থেকে ১২৪০ কিলোমিটার দূরে কিরুনা শহরের অধিকাংশ লোকই স্টকহোমের সময়সূচি মেনে চলেন। এই নির্দেশনা ইসলামিক বিশেষজ্ঞ নিয়ে গঠিত ডাবলিন ভিত্তিক বেসরকারি সংস্থা ইরোপিয়ান কাউন্সিল অব ফতোয়া অ্যান্ড রিসার্স (ইসিএফআর)-এর। কাউন্সিলের মহাসচিব হুসেইন হালাওয়া বলেন, সম্প্রতি তাকে উত্তর সুইডেনে আমন্ত্রণ জানানো হয় প্রকৃত অবস্থা বোঝার জন্য এবং উপদেশ/পরামর্শ দেয়া হয়েছে। ইরিত্রিয়া থেকে ইদ্রিস আবুল হাওয়াব জানান, তিনি এই ফতোয়া মেনে চলেন। আর এতে তার রোজার সময় গিয়ে দাঁড়ায় ২০ ঘণ্টায়।
রোজা যখন আবার ডিসেম্বরে হয় তখন কেবলই রাত। এমনও ঘটনা ঘটে যে, দুই সপ্তাহ ধরে সূর্য ওঠে না। তিনি বলেন, চলতি বছরের শেষ দিকে একটি কনফারেন্সের আয়োজন করা হবে। কনফারেন্সে শীতকালে নামাজ এবং রোজার নিয়মাবলী সম্পর্কে আলোচনা হবে। তিনি বলেন, মুসলামানরা সূর্যের ওপর নির্ভর করে নামাজ পড়ে। এখানে শীতকালে প্রতি দুই ঘণ্টা অন্তর অন্তর নামাজ পড়ার নির্দেশনা আছে।
আবুল নাসের মোহাম্মাদ সোমালিয়ার বংশোদ্ভূত নাগরিক। তিনি জানান, তিনি যখন ২০০০ সালে এই অঞ্চলে আসেন তখন কোনো ইসলামি সংগঠন গড়ে ওঠেনি। এমনকি ইন্টারনেট থেকেও কিছু জানা যেত না। আমি আমার নিজস্ব নিয়মে রোজা রাখতাম। আমি ৫ ঘণ্টা রোজা রাখতাম। তিনি এখন কিরুনার ইসলামিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। তিনি বলেন, আমরা গ্রীষ্মকালে তুরস্কের ইস্তাম্বুলের সময় অনুযায়ী রোজা রাখি যখন থেকে মুসলিম দেশ তুরস্ক সুইডেনের ঘনিষ্ঠ হয়; কিন্তু এক্ষেত্রে সবাই তার নিজের সিদ্ধান্ত নিতে পারে।
কিরুনায় ইরিত্রিয়ান সম্প্রদায়ের লোক সবচেয়ে বেশি। এই সম্প্রদায়ের হাওয়া ফিদেল এবং আলিয়া হাসেন ‘রাত’ ১০টায় ইফতার করছেন। সামনে প্রচুর ইফতার। ট্রেতে সাজানো আছে পছন্দের সব ইফতার। ফ্লোরে বসে আছেন তারা। সিরিয়ার খাবারের সঙ্গে ইরিত্রিয়ানসের ঐতিহ্যবাহী সব খাবার। অ্যাপার্টমেন্টের একটি হল তারা মসজিদ হিসেবে ব্যবহার করছেন। তবে শুক্রবার হলটি সম্পূর্ণ খুলে দেয়া হয়। তারা এখানে তারাবীর নামাজও পড়েন। তাদের অনেকেই আশা করছেন, তারা আগামী বছর সিরিয়া ফিরতে পারবেন।
অন্যদিকে সবচেয়ে কম সময় রোজা রাখতে হচ্ছে আর্জেন্টিনায়। সেখানে দিবাভাগ হচ্ছে মাত্র ৯ ঘণ্টা ২০ মিনিটের। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মধ্যে দীর্ঘ সময় ২১ ঘণ্টা ১৩ মিনিট রোজা পালন করেন আইসল্যান্ডের রাজধানী রেইকজাভিকের মুসলিমরা। এরপরই রয়েছে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি। সেখানে রোজা পালন করতে হচ্ছে ১৯ ঘণ্টা ৫০ মিনিট। স্টকহোম, অসলো এবং কোপেনহেগেনে সাড়ে ১৯ ঘণ্টা। কানাডার অটোওয়ায় ১৮ ঘণ্টা ২৩ মিনিট এবং নিউইয়র্ক সিটিতে ১৬ ঘণ্টা ২১ মিনিট।
