গরম চান নাকি ঠাণ্ডা?

আপডেট : ১৩ জুলাই ২০১৪, ২২:০১
চেরাপুঞ্জি থেকে, একখানি মেঘ ধার দিতে পার গোবি-সাহারার বুকে? কবির কল্পনা নয়, বাস্তবে এবার এমনটাই করে দেখাতে চলেছে দুবাই। মধ্যপ্রাচ্যের ধনী রাজ্যের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমের নির্দেশে গড়ে উঠতে চলেছে বিশ্বের প্রথম ‘ইচ্ছে শহর’। এই শহরে ইচ্ছেমতো ঋতু পরিবর্তন করা যাবে। শীতকাল চান নাকি গ্রীষ্মকাল! যা চান তাই হবে। এই শহরের নাম ‘মল অব দ্য ওয়ার্ল্ড’। কেমন হবে এই শহর? রিয়েল এস্টেট সংস্থা দুবাই হোল্ডিংস জানিয়েছে, মোট ৪ কোটি ৮০ লাখ বর্গফুটের এই শহরে ইচ্ছে মতো আবহাওয়া তৈরি করা যাবে। সংস্থার দাবি, এখানেই তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম ইন্ডোর থিম পার্ক। এ ছাড়া সাত কিলোমিটার জুড়ে থাকবে দোকানের সারি এবং দুনিয়ার সবচেয়ে বড় শপিং মল। জানা গেছে, মোট ৮০ লাখ বর্গফুট এলাকার উপর গড়ে তোলা হবে এই শপিং মলটি; কিন্তু হঠাত্ কী কারণে এমন আইডিয়া এল শেখের মাথায়? আসল ঘটনা হলো, শীতকালে দুবাইয়ে পর্যটকের ঢল নামলেও বছরের বেশির ভাগ সময় গ্রীষ্ম থাকার কারণে তাতে ভাটা পড়ে। বিদেশি পর্যটকদের আরাম-আয়েশের কথা মাথায় রেখেই অভিনব বুদ্ধি মাথায় এনেছেন তিনি। খরচের পরোয়া না করে এ রকম বেশ কিছু তাক লাগানো সৃষ্টির দৌলতে ইতিমধ্যেই বিশ্ববিখ্যাত হয়ে উঠেছেন দুবাইয়ের শাসক।