ব্রাজিলের উদ্দেশে মোদীর ভারত ত্যাগ

আপডেট : ১৩ জুলাই ২০১৪, ২২:৩৭
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাজিলে বিশ্বের উন্নত ও উন্নয়নশীল পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত বিআরআইসিএস (ব্রিকস) সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে দিল্লি ত্যাগ করেছেন। গতকাল রবিবার তিনি দিল্লি ছাড়েন। সম্মেলনে কূটনৈতিক সাফল্য পাওয়া এবং বিশ্বব্যাংকের আদলে একটি বৃহত্ ব্যাংক প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাওয়া নিয়ে অগ্রগতি সাধনই মোদীর প্রধান লক্ষ্য। খবর এএফপি’র। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে ব্রিকস গঠিত। সম্মেলনের পাশাপাশি তিনি দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এবারের ব্রিকস সম্মেলনে ওয়াশিংটন ভিত্তিক বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আদলে একটি বড় পরিসরের ব্যাংক প্রতিষ্ঠার বিষয়ে সিদ্ধান্ত নেওয়াই মূল লক্ষ্য। গত মে মাসে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রধানমন্ত্রী মোদীর এটা দ্বিতীয় বিদেশ সফর। ব্রাজিলের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে এক বিবৃতিতে মোদী বলেন, ব্রিকসের মূল পদক্ষেপগুলোতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াটাই হবে ব্রিকস সম্মেলনের লক্ষ্য। আমি সেই দিকটাকেই অধিক প্রাধান্য দেব। এই পদক্ষেপ ব্রিকস সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতাসহ অন্যান্য উন্নয়নশীল দেশের সমৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।