সরকারি অর্থ আত্মসাতের দায়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তাসহ ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের প্রধান কার্যালয়ে বৈঠকে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়া হয়েছে। শিগগিরই এ চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে দুদক সূত্র জানিয়েছে।
চার্জশিটে যাদের নাম রয়েছে তারা হলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক সার্ভেয়ার ফয়জুল্লাহ আমিন, সাবেক কানুনগো মো. ইসহাক, ভূমি হুকুম দখল কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, কর্মকর্তা গাজি রবিউল আউয়াল, কানুনগো মো. মিজানুর রহমান, বর্তমান সার্ভেয়ার এস.এম হাবীবুর রহমান, সার্ভেয়ার মো. আবু তাহের, সাবেক কানুনগো মো. হাসান শহীদ, ভূমি হুকুম দখল কর্মকর্তা মো. আমজাদ হোসেন খান, রাজউকের কানুনগো মো. খলিলুর রহমান, মো. ফসির উদ্দিন আখন্দ, সাবেক সহকারী পরিচালক ইয়ার আহমেদ মজুমদার, সাবেক সার্ভেয়ার গোবিন্দ চন্দ্র মণ্ডল, প্রকৌশলী মো. সাইদুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. মনোয়ারুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মো. মুকবুল হোসেন। এ ছাড়া নারায়ণগঞ্জের অধিবাসী জমির মালিক নূর মোহাম্মদসহ তার স্ত্রী ও ৬ ছেলে-মেয়ে।
দুদক সূত্র জানায়, রাজউকের নির্দেশে ১৯৯৪ সালে নারায়ণগঞ্জ ভূমি অফিস নূর মোহাম্মদ, তার স্ত্রী ও ছয় ছেলে-মেয়ের নামের ২৩৪ শতক জমি অধিগ্রহণ করে। পরে ওই জমিতে গাছপালা ও বাড়ি-ঘর দেখিয়ে ক্ষতিপূরণবাবদ ৮১ লাখ ১৫ হাজার ১১৭ টাকা সরকার থেকে আদায় করা হয়। এ বিষয়ে অভিযোগ আসলে প্রাথমিক যাচাইয়ের পর ২০০০ সালের ১৯ এপ্রিল নারায়ণগঞ্জ থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়। পরে দুদকের তদন্তে প্রমাণ পওয়া যায়- আসামিদের যোগসাজশে ৭৮ লাখ ৮৯ হাজার ২১১ টাকা আত্মসাত্ করা হয়েছে।
