ইরাকে বন্দুকধারীদের হামলায় ২৫ নারী নিহত

আপডেট : ১৩ জুলাই ২০১৪, ২২:৩৯
ইরাকের রাজধানী বাগদাদের আবাসিক এলাকায় দুটি ভবনে বন্দুকধারীদের হামলায় ২৫ নারী নিহত ও অন্তত আটজন আহত হয়েছে। এছাড়া আরো চারজন পুরুষও নিহত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বাগদাদের পূর্বাঞ্চলে জায়োনার আবাসিক এলাকায় দুটি ভবনে বন্দুকধারীরা এই হামলা চালায়। আহতদের মধ্যেও চারজন নারী । খবর এএফপি ও বিবিসির। অপর এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, হামলাকালে বন্দুকধারীরা সাইলেন্সারযুক্ত অস্ত্র ব্যবহার করে। ফলে হামলার সময় কোনো শব্দ হয়নি। তিনিও নিহতের একই সংখ্যার কথা জানান। তবে আহতের সংখ্যা ১১ উল্লেখ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। ঘটনার পর পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে। তাত্ক্ষণিকভাবে হামলার দায়-দায়িত্ব কেউ স্বীকার করেনি।