সিলেট-আখাউড়া রেলসেকশনে গতকাল রবিবার সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ৩ দফা বিকল হয়ে পড়ে। ফলে ৯ ঘন্টা বিলম্বে নতুন ইঞ্জিন নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাষ্টার কবির আহমদ জানান, সকাল ৬টা ৪০ মিনিটে ঢাকামুখী ৭৭৪নং ডাউন কালনি এক্সপ্রেস ট্রেন সিলেট থেকে ছেড়ে আসার কথা ছিল। কিন্তু ট্রেনটি ছাড়ার পূর্বে প্রথমে একবার ইঞ্জিন বিকল হয়। বিকল ইঞ্জিন মেরামত করে ২ ঘন্টা বিলম্বে সিলেট থেকে ছাড়লে দ্বিতীয় দফা মংলা বাজার স্টেশনে এসে ইঞ্জিন বিকল হয়। সেখানে ইঞ্জিন মেরামত করে ট্রেনের যাত্রা শুরু হলে বরমচাল স্টেশনে এসে তৃতীয় দফা ইঞ্জিনটি বিকল হয়। পরবর্তীতে আখাউড়া জংশন স্টেশন থেকে একটি ইঞ্জিন এসে ৯ ঘন্টা বিলম্বে বিকাল ৫টায় কালনি এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
শমশেরনগর স্টেশন মাস্টার কবির আহমদ আরো জানান, ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনে অগ্নিকাণ্ডে কালনি এক্সপ্রেসের ৩টি বগী পুড়ে যাওয়ার পর থেকে মাত্র ৫ টি বগী নিয়ে ঢাকা-সিলেট পথে এ ট্রেন চলাচল করছিল। তবে রবিবার মাত্র ৩টি বগী নিয়ে কালনি এক্সপ্রেস যাতায়াত করছে। এতে যাত্রীদের ভোগান্তি বেড়ে গেছে। ঈদের পূর্বে কালনি এক্সপ্রেসে নতুন করে বগী সংযোজন না করলে ঢাকা-সিলেট পথে যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তি আরও বেড়ে যাবে বলে স্টেশন মাস্টার জানান।
