চট্টগ্রামে বিএনপির ইফতার মাহফিলে ককটেল বিস্ফোরণ, আহত ১

আপডেট : ১৩ জুলাই ২০১৪, ২২:৪৬
গতকাল রবিবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে উত্তর জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক কর্মী আহত হয়। এ সময় অনুষ্ঠানস্থলে আতংক ছড়িয়ে পড়ে। উপস্থিত লোকজন এদিক-ওদিক ছুটোছুটি করতে থাকে। তবে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। সভায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান বলেন, ঈদের পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের কর্মসূচি দেয়া হবে। এখন দলাদলির সময় নয়। আন্দোলনকে সফল করতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশ ও দেশের মানুষকে বাঁচাতে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রয়োজন। উত্তর জেলা বিএনপির আহ্বায়ক লায়ন আসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নগর বিএনপির সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, দক্ষিণ জেলা সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সহ-সভাপতি আবু সুফিয়ান। পরে দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত অপর এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় এম মোরশেদ খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।