বিএনপি দেউলিয়া হয়ে গেছে :নাসিম

আপডেট : ১৩ জুলাই ২০১৪, ২২:৪৮
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গত পাঁচ জানুয়ারির নির্বাচনের পর বিএনপি দেউলিয়া হয়ে গেছে। এখন পলিসি পরিবর্তনের সুযোগ নেই, নির্বাচনেরও সুযোগ নেই। আলোচনা করেও কোনো লাভ নেই। কারণ আলোচনায় বসলে শুধু ঝগড়া হবে, সময় নষ্ট হবে। গতকাল রবিবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গণ-আজাদী লীগ আয়োজিত আবদুস সামাদ স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেন, ট্রেন মিস করেছেন, এখন অপেক্ষা করুন। দোষারোপ ও মিথ্যাচারের রাজনীতি বন্ধ করুন। ২০১৯ সালের নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর কখনো ফিরে আসবে না। তিনি বলেন, সম্প্রতি ইন্দোনেশিয়া ও ভারতে সরকার ক্ষমতায় থাকাকালে নির্বাচন হয়েছে। পাঁচ জানুয়ারি নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ নির্বাচন না হলে থাইল্যান্ডের মতো সামরিক শাসন জারি হতো। ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, আব্দুস সামাদ ছিলেন অসাম্প্রদায়িক। তিনি সারাজীবন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ করেছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আব্দুস সামাদ জীবনের শেষ দিন পর্যন্ত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আন্দোলন করার নৈতিক অধিকার হারিয়েছেন। কারণ তিনি তেঁতুল হুজুর, জঘন্য সন্ত্রাসী দল ও জঙ্গীদের সঙ্গে নিয়ে আন্দোলনের নামে নাশকতা চালিয়েছেন; মসজিদে আগুন দিয়েছেন এবং কোরআন শরীফ পুড়িয়েছেন। তাই আন্দোলনের আগে তাকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, কৈফিয়ত দিতে হবে। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, দেশে ষড়যন্ত্র চলছে। যারা ৫ জানুয়ারির নির্বাচন মেনে নিতে পারেনি; তারাই এ ষড়যন্ত্রে লিপ্ত। প্রয়াত আব্দুস সামাদের ছেলে ব্যারিস্টার এএসএ বারীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টি (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায়, গণ-আজাদী লীগের সাধারণ সম্পাদক এসকে শিকদার, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস, বাসদের আহবায়ক রেউর রশীদ খান, ন্যাপের সাধারণ সম্পাদক এনামুল হক, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ডা. শহীদুল্লাহ শিকদার, ঐক্য ন্যাপের সহ-সভাপতি এসএমএ সবুর, আব্দুস সামাদের জামাতা ডা. সয়েদুল হক প্রমুখ। ‘প্রতিবাদের নামে অহেতুক ধর্মঘট ডাকবেন না’ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম প্রতিবাদের ভাষা হিসাবে কথায় কথায় ধর্মঘট না ডাকতে চিকিত্সকদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, কোন সমস্যা হলে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। কোন কিছু হলেই ধর্মঘট ডেকে বসবেন, এটা ঠিক না। গতকাল রবিবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ঢাকা মেডিক্যাল কলেজ প্রাক্তন ছাত্রলীগ আয়োজিত পুনর্মিলনী ও ইফতার মাহফিল পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে। এক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। সংগঠনের আহবায়ক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. মোদাচ্ছের আলী, বিএমএ’র সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল প্রমুখ।