হুমকির মুখে টাঙ্গাইল যৌনপল্লী ছাড়লেন যৌনকর্মীরা

আপডেট : ১৩ জুলাই ২০১৪, ২২:৪৮
প্রায় দেড়শ’ বছরের পুরনো টাঙ্গাইল শহরের যৌনপল্লী থেকে চলে গেছেন যৌনকর্মীরা। গত শনিবার দুপুর থেকেই তাদের দীর্ঘদিনের পেশাগত আবাসস্থল ছেড়ে যেতে শুরু করেন তারা এবং রাতের মধ্যেই খালি হয়ে যায় প্রায় এক হাজার যৌনকর্মীর এই পল্লী। তাদের চলে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে কেউ মুখ খুলতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, শুক্রবার রাতে একদল সন্ত্রাসী যৌনপল্লীতে গিয়ে যৌনকর্মীদের চলে যেতে হুমকি দেয়। অন্যথায় পরদিন রাতের বেলা সেখানে আগুন ধরিয়ে দেয়া হবে বলেও হুমকি দেয়া হয়। এ প্রসঙ্গে টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীরের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে কোন অভিযোগ নিয়ে পুলিশ বা তার কাছে কেউ না গেলেও তিনি এ ধরনের অভিযোগ শুনেছেন এবং পুলিশকে বিষয়টি দেখার জন্যেও নির্দেশ দিয়েছেন। একইসাথে তিনি বলেন, পুনর্বাসন ছাড়া তাদের উচ্ছেদ সমাজের জন্য কল্যাণকর নয়।