নগরীতে ঘুষের টাকাসহ জাহিদ ইকবাল খান নামে আয়কর বিভাগের এক কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন। গতকাল রবিবার চট্টগ্রাম কর কমিশনার-৪ এর কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করেন দুদক কর্মকর্তারা। এসময় তার কাছ থেকে ঘুষের ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। আটকের পর তাকে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়।
দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক আজিজ উদ্দিন ভুঁইয়া জানান, বাড়ির আয়কর কমিয়ে দিতে টিঅ্যান্ডটি বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী কাসেম ভুঁইয়ার কাছ থেকে গত কয়েকদিন আগে ঘুষ দাবি করেন আয়কর বিভাগের সিনিয়র সহকারী জাহিদ ইকবাল খান। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে আয়করের ওই কর্মকর্তা তার ডিমান্ড নোট দিচ্ছিলেন না। কাসেম ভুঁইয়া এ বিষয়টি দুদককে জানান। এরপর গতকাল দুদক কর্মকর্তাদের নিয়ে কাসেম ভুঁইয়া ঘুষ দিতে যান। কুড়ি হাজার টাকা ঘুষ নেয়ার সময় তাকে হাতেনাতে আটক করে দুদক।
