ঈদের দিন নিজেকে রঙিনভাবে সাজিয়ে তুলতে কমবেশি সবার মাঝেই একটা বাড়তি প্রস্তুতি থাকে। বিশেষ করে মেয়েরা চুলের স্টাইল ও কোন পোশাকের সাথে মেকআপটা কেমন হবে তা নিয়ে চিন্তিত থাকেন বেশি। তাই এবারের আয়োজনে ঈদের দিনের সাজের আদ্যোপান্ত নিয়ে লিখেছেন আমব্রিন বিউটি লাউঞ্জের স্বত্বাধিকারী ও বিউটি এক্সপার্ট আমব্রিনা সারজীন
মেয়েরা সাজতে অনেক পছন্দ করেন এটা সত্যি কথা। উত্সব বা বিভিন্ন পার্টিতে তারা নিজেদের করে তুলতে চান সবচেয়ে আকর্ষণীয়। এর জন্য চলে নানা আয়োজন। তবে দেখা গেছে যে সাজগোজের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝামেলা পোহাতে হয় চুল বাঁধার ক্ষেত্রে। মুখের সাজগোজের পর চুল বাঁধতে গিয়ে অনেকেই বিপদে পড়েছেন। তবে বিভিন্ন অনুষ্ঠান বা উপলক্ষের জন্য বিভিন্নভাবে চুল বাঁধা যেতে পারে। এক্ষেত্রে লক্ষ্য করার বিষয় আপনি কী ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছেন। জমকালো পার্টির সাজ এক রকম হবে, ঘরোয়া উত্সবের সাজ হবে একেবারেই অন্যরকম। আসুন জেনে নিই চুলের ফ্যাশনে কী চলছে—
স্পাইরাল হেয়ার বান
এই হেয়ার স্টাইল এখনকার কামিজ, কুর্তি ও শাড়ির সাথে মানানসই। সন্ধ্যার যেকোনো অনুষ্ঠানে এই স্টাইলে আপনাকে দারুণ দেখাবে। চুলের এই স্টাইলের সাথে মেকআপে চোখের লিডে বেইজ কালারের আইশ্যাডো, ক্রিজে ডার্ক ব্রাউন শ্যাডো ব্যবহার করা হয়েছে। সাথে লিপস্টিক রেড ব্যবহার করতে হবে। কেননা চুল যখন বেশি গর্জিয়াস করা হয়, তখন চোখকে হালকা রেখে লিপস্টিককে প্রমিনেন্ট করা উচিত।
ফিশ টেইল ব্রেইড
এই হেয়ার স্টাইল লং কামিজ, আনারকলি, কুর্তি ও ফতুয়ার সাথে বেশ মানানসই। এটা মূলত যাদের চুল মাঝারি এবং লম্বা তাদের জন্য ভালো। ঈদের দিন সিম্পল ও গর্জিয়াস পোশাকের সাথে এই স্টাইলটা বেশ আকর্ষণীয় দেখায়। এখানে মেকআপে চোখে ব্ল্যাক কেকের আইলাইনার পুরো আইলিডে দেওয়া হয়েছে। ঘন আইল্যাশ চোখের ওয়াটার লাইনে হোয়াইট কাজল ব্যবহার করা হয়েছে। এটা এখন মেকআপে ইন। সেইসাথে চোখের মেকআপ কম্পোনেন্ট করে ম্যাজেন্ডা কালারের লিপস্টিক দেওয়া হয়েছে।
বাস্কেট হেয়ার আপ ডু
এই ধরনের হেয়ার স্টাইল ও মেকআপ সাধারণত ৩৫+ নারীদের জন্য বেশি প্রযোজ্য। এখানে চুলটাকে পিনআপ করে বাঁধা হয়েছে। এই ধরনের চুলের স্টাইল যেকোনো ধরনের গর্জিয়ানস শাড়ির সাথে বেশ মানানসই। চোখে গ্রিন স্মোকি আইশেড ব্যবহার করা হয়েছে এবং চোখে কাজল দেওয়া হয়েছে। চোখের আইশ্যাডো ও শাড়ির কথা মাথায় রেখে এখানে হালকা বেগুনি লিপস্টিক ব্যবহার করা হয়েছে।
টু স্টেট বেইজ ডু
যাদের চুল কাঁধ পর্যন্ত তাদের জন্য এই হেয়ারস্টাইল বেশ মানানসই। এটা কামিজ, শাড়ি, ফতুয়া ও ওয়েস্টার্ন পোশাকের সাথে বেশ ভালো দেখায়। মেকআপে চোখের লিডে গোল্ডেন কালারের আইশ্যাডো দিয়ে আউটার কর্নারে ডার্কব্রাউন আইশ্যাডো ব্যবহার করা হয়েছে। চোখের ওপরে চিকন করে আইলাইনারও দেওয়া হয়েছে। গালে হালকা অরেঞ্জ কালারের ব্রাশঅন করা হয়েছে। সাথে ঠোঁটে গ্লোসি ব্রাউন কালার লিপস্টিক ব্যবহার করা হয়েছে।
