ভিড়ভাট্টার শহরে মোটরবাইক যে বেশ কাজের একটা জিনিস এ কথা বোধকরি সবাই এক বাক্যে স্বীকার করে নেবেন। কিন্তু কোনো একটি দেশের সীমানায় মোটরবাইক চড়ে সবচেয়ে বেশি দূরত্ব পাড়ি দেবার রেকর্ডটি কত কিলোমিটারের তা কি আপনার জানা আছে? মাত্র কিছুদিন আগেই রেকর্ডটি গড়েন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দুই ব্যক্তি বিষ্ণু মেহতা ও সান্তনু চক্রবর্তী। মূলত ভারতের মোটরবাইক আরোহীদের মধ্যে আরও বেশি মাত্রায় সড়ক নিরাপত্তা ও সচেতনতা গড়ে তুলতেই বিষ্ণু ও সান্তনু সবমিলিয়ে ৭৪ দিনে ভ্রমণ করেন ২৮,০৪৯.৬৬ বা ১৭,৪২৯.২২ মাইল যা এখন পর্যন্ত মোটরবাইকে চড়ে কোনো একটি দেশের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রমের গিনেজ রেকর্ড।
