রিও মাতালেন শাকিরা

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২০:৩৯
শাকিরার সুরের মুর্ছনায় ব্রাজিলীয়রা ক্ষণিকের জন্য ভুলে গেল নিজের মাঠে আরো একটি বিশ্বকাপের শিরোপা তুলতে না পারার যন্ত্রণা। ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি স্বাগতিকরা। কিন্তু জার্মানি আর্জেন্টিনার ফাইনালের আগে তার শরীরি দোলায় বর্ণময় হয়ে ওঠা গান ও সাম্বা নৃত্যের মায়াবী পসরা শুধু ব্রাজিলীয়দেরই নয় ফুটবল দুনিয়াকেও মুগ্ধদায় জড়ায়। সমাপনী অনুষ্ঠানে জাদুকরী নৈপুণ্যের মধ্যেই গত রবিবার রাতে পর্দা নামে ২০১৪ বিশ্বকাপ ফুটবলের। পরে আর্জেন্টিনার বিরুদ্ধে জার্মানির ১-০ গোলের জয়ে শেষ হয় ব্রাজিল বিশ্বকাপ। আগমনী সঙ্গীত বেজে ওঠে রাশিয়া ২০১৮র। রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে ফাইনালটির আগেই মাঠে আসেন কলম্বিয়ান গায়িকা শাকিরা, মেক্সিকান গিটারিস্ট কার্লোস সান্তানা, ব্রাজিলীয় গায়ক ইভেটে সানগালো ও বিখ্যাত সাম্বা স্কুল একাডেমিকোস দো গ্র্যান্ডে রিওর নর্তকীরা। বাংলাদেশ সময় মাঝ রাতে শুরু হওয়া আসরটি আরো একবার আলো ছড়ালো বিশ্বজুড়ে। ফিফার আয়োজনে অনুষ্ঠানটিতে কেবল ব্রাজিলের সংস্কৃতিকেই তুলে ধরা হয়নি, তাতে প্রতিফলিত হয় ফুটবল খেলুড়ে দেশগুলোও। ১৮ মিনিটের এই অনুষ্ঠানটিকে মূলত বিশ্বের সবচাইতে জনপ্রিয় এ খেলার জন্য উত্সর্গ করা হয়। ফুটবলের মূল সূত্র ‘স্বাধীনতা, সংহতি, আবেগ ও বৈচিত্র্যকে’ তুলে ধরার পাশাপাশি চূড়ান্ত পর্বে উঠে আসা ৩২টি দেশকেও প্রতিবিম্বিত করে এ পর্বটি। এর মধ্যে বিশেষ মর্যাদা পায় ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামা কোচ জোয়াকিম লোর জার্মানি ও কোচ আলেসান্দ্রো সাবেলার দল। শাকিরা এ নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের অনুষ্ঠানে হাজির হলেন। লাল রংয়ের পোশাকে মঞ্চে এসে নিজের সুরেলা কণ্ঠের সাথে শরীরি দোলায় ৩৭ বছরের শাকিরা যখন গেয়ে ওঠেন ‘লা লা লা’ সেই সময়ে মারাকানায় এবং টেলিভিশন পর্দার সুবাদে সারা দুনিয়ার দর্শকরা মাতোয়ারা হয়ে ওঠেন। সেসময় রং বেরংয়ের পোশাকে শত শত নর্তর্কী তার সাথে সঙ্গত করেন। এ সময় শাকিরার পাশে আরো ছিলেন ব্রাজিলীয় তারকা কার্লিনহোস ব্রাউন। এরপর সান্তানা, উইকলেফ ও ব্রাজিলীয় গায়ক আলেকজান্ড্রে পিরেস সমস্বরে গান বিশ্বকাপের থিমসং ‘ডার উম জেইটো’ বা ‘আমরা পথ খুঁজে নেব’। পিরেস পরে সানগালোর সাথে স্থানীয় সঙ্গীতকে তুলে ধরেন। এর মধ্যেই বিখ্যাত সাম্বা স্কুল একাডেমিকোস দো গ্র্যান্ডে রিওর নর্তকীরা বাহারি পোশাকে ও বর্ণিল নৃত্য মায়াবী দৃশ্যপট গড়ে তোলে মারাকানার মাঠে। কলম্বিয়ান গায়িকা শাকিরা ২০০৬ ও ২০১০ সালের পর আবার বিশ্বকাপে গান গাইলেন। যদিও উদ্বোধনী অনুষ্ঠানে তার অনুপস্থিতি অনুভূত হয়। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফুটবলে শাকিরা ‘ওয়াকা ওয়াকা’ গানটি গেয়ে বিশ্ব জোড়া খ্যাতি পেয়ে গেলেন। তারও আগে জার্মানিতে গেয়েছিলেন ‘হিপ’স ডোন্ট লাই’। এদিন মারাকানা স্টেডিয়ামের মঞ্চে অনুষ্ঠানের শেষ দিকে সমস্ত শিল্পীদের সাথে দর্শকদের বাড়তি নজর কাড়ে শাকিরার স্বামী স্পেনের বিখ্যাত খেলোয়াড় পিকে ও তাদের ছেলে মিলান পিকে মেবারক। ব্রাজিলের রাষ্ট্রপতি দিলমা রোসেফ, জার্মানির চ্যাঞ্চেলর অ্যাঞ্জেলা মার্কেল, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন, ফিফার সভাপতি সেপ ব্ল্যাটার, পেলে প্রমুখও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।