পোপ ফ্রান্সিস রবিবার তার সাপ্তাহিক অ্যাঞ্জেলাস প্রার্থনাকালে গাজায় শান্তির আবেদন জানিয়েছেন। গাজায় ইসরাইলী প্রাণঘাতী অভিযানের দিকে পোপ ‘শান্তি স্থাপনে বাস্তবানুগ আচরণের’ আহ্বান জানান। সেন্ট পিটারস স্কোয়ারে কয়েক হাজার তীর্থযাত্রীর উদ্দেশে পোপ ফ্রান্সিস ‘গত কয়েকদিনের মর্মান্তিক ঘটনাবলি’ নিয়ে কথা বলেন। পোপ ফ্রান্সিস গত মে মাসে মধ্যপ্রাচ্য সফর করেন এবং জুনে ভ্যাটিকানে ইসরাইলী প্রেসিডেন্ট শিমন পেরেজ ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে সঙ্গে নিয়ে একটি যৌথ প্রার্থনার আয়োজন করেন। ফ্রান্সিস বলেন, ‘আমি সকল সংশ্লিষ্ট পক্ষ এবং স্থানীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক ক্ষমতাধর সকল ব্যক্তিবর্গকে সকল ধরনের বৈরিতা অবসানে প্রার্থনা বা প্রচেষ্টার কোনো সুযোগ নষ্ট না করার আহ্বান জানাই।’ গত ৮ জুলাই থেকে গাজায় ইসরাইলী বোমা হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৬৫ জন নিহত হয়েছে।
