দোভাষীর আকাল, ব্রিকস নিয়ে নয়া সঙ্কটে ভারতের প্রধানমন্ত্রী

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২০:৪৪
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে হিন্দি জানা দোভাষী অনিবার্য হয়ে পড়েছে। কারণ চীন বা রাশিয়া যে কোন বিদেশি প্রতিনিধির সঙ্গে তিনি আলোচনা করছেন হিন্দিতেই। কিন্তু বর্তমানে দোভাষী সংকটের কারণে পাঁচটি উন্নয়নশীল দেশের সংগঠন ব্রিকস নিয়ে নয়া সঙ্কটে পড়েছেন প্রধানমন্ত্রী।-আনন্দবাজার পত্রিকা। ভুটান সফরের সময়ে এ সমস্যাটা বেশি মাথাচাড়া দিয়ে ওঠে। সে সময়ে লোকসভার সচিবালয়ে অনুরোধ করে তাদের কাছ থেকে একজনকে ধার করে নেয়া হয়েছিল। কিন্তু এবারের ব্রিকস সফরে সেই দোভাষীকে পাওয়া যায়নি। শুধু সেই দোভাষীটিই নন, যেহেতু লোকসভা অধিবেশন চলছে তাই সংসদ থেকে কোনও দোভাষীকেই ছাড়া যাবে না বলেই জানিয়ে দেয়া হয়েছে। সাউথ ব্লকের সামনে এখন রাস্তা একটিই। দক্ষিণ আমেরিকায় ভারতীয় দূতাবাসে যে সমস্ত হিন্দি ও বিদেশি ভাষা জানা কর্মকর্তা রয়েছেন, তাদের মধ্য থেকে মন্দের ভাল বেছে নেয়া। ব্রিকস সম্মেলনে মোদীকে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করতে হবে। থাকবেন চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, রাশিয়ার রাষ্ট্রনেতারা।