সংবাদ কণিকা

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২০:৪৪
চিলিতে উত্তরাঞ্চলীয় উপকূলে ভূমিকম্প চিলির উত্তরাঞ্চলীয় উপকূলে রবিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ১। তবে এতে তাত্ক্ষণিকভাবে ক্ষতি বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, চিলির ইকুইফের ২২ কিলোমিটার পশ্চিমে ভূ-পৃষ্ঠের ৩৫ দশমিক ৭ কিলোমিটার গভীরে স্থানীয় সময় বিকেল ৪টা ৫৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। গত এপ্রিলেও একই অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ৬ জন নিহত ও ১০ লাখ লোক গৃহহীন হয়ে পড়ে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের তীব্রতা ছিল ৮ দশমিক ২। —এএফপি ‘হুমকির মুখে গ্র্যান্ড ক্যানিয়ন’ লাখ লাখ বছর ধরে প্রকৃতি ছাড়া অন্য কেউ পৃথিবীর অন্যতম আকর্ষণীয় ভূদৃশ্য গ্র্যান্ড ক্যানিয়নের কোন পরিবর্তন ঘটায়নি। কিন্তু বাণিজ্যিক প্রকল্পের কারণে এবার বিখ্যাত এই ক্যানিয়নের ভূদৃশ্য পাল্টে যাওয়ার হুমকি তৈরি হয়েছে। গ্র্যান্ড ক্যানিয়নের পাশের দু’টি উন্নয়ন প্রকল্পকে ঘিরে এই আশঙ্কা তৈরি হয়েছে। এই দুটি উন্নয়ন প্রকল্প পরিকল্পনার শেষ পর্যায়ে রয়েছে। প্রকল্প দুটি নিয়ে যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন জাতীয় উদ্যানের কর্মকর্তারা চরম উদ্বেগ প্রকাশ করেছেন। —রয়টার্স