নতুন ডিজাইনে রাসবেরি পাই

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২০:৪৫
হাতের মুঠোয় কম্পিউটার নিয়ে আসার প্রচেষ্টা থেকেই রাসবেরি পাইয়ের আবির্ভাব। সম্প্রতি এই রাসবেরি পাইয়ের নতুন এক সংস্করণ নিয়ে এসেছে এর নির্মাতা রাসবেরি পাই ফাউন্ডেশন। ‘বি প্লাস’ নামের নতুন সংস্করণটি আগের তুলনায় আরও কম বিদ্যুত্ খরচ করবে এবং বাড়তি পাওয়ার ছাড়াই আগের তুলনায় বেশি পেরিফেরাল সমর্থন করবে। অন্যান্য ডিভাইস সংযুক্ত করতে এতে পোর্টের সংখ্যাও বাড়ানো হয়েছে। তবে এর দাম রাখা হয়েছে আগের মতোই—৩৫ ডলার। আগের মতোই এতে ব্রডকম চিপ ব্যবহার করা হয়েছে এবং এতে রাখা হয়েছে ৫১২ মেগাবাইট মেমোরি। আগের অ্যানালগ ও কম্পোজিট ভিডিও কানেক্টরের বদলে নতুন মডেলের রাসবেরি পাইয়ে ব্যবহার করা হয়েছে চার-পোলের একটি কানেক্টর। আর এসডি কার্ডের স্লটের জায়গায় ব্যবহার করা হয়েছে মাইক্রোএসডি স্লট। আর পাওয়ার ম্যানেজমেন্ট উন্নততর করার কারণে এখন রাসবেরি পাইয়ে সরাসরিই ব্যবহার করা যাবে ২.৫ ইঞ্চি হার্ডডিস্ক; এর জন্য বাড়তি পাওয়ার হাবেরও প্রয়োজন হবে না। ফলে রাসবেরি পাই আগের তুলনায় অনেক বেশি কার্যকরী হয়ে উঠবে বলে জানিয়েছে রাসবেরি পাই ফাউন্ডেশন।