আগামী ২৯ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিতব্য এমএসপি সামিটে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশের মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনার (এমএসপি) রাহাত ইয়াসির অনিন্দ্য। এমএসপি সামিট এবং ইমাজিন কাপ ২০১৪ একইসাথে অনুষ্ঠিত হবে। তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন এবং তার তৈরি অ্যপস সামিটে প্রদর্শন করবেন। রাহাত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগে শেষ বর্ষে অধ্যয়নরত রয়েছেন। তিনি গত এক বছর ধরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনারদের দলনেতা হিসেবে কাজ করছেন। বিশ্বের ১৯০টি দেশের এমএসপিরা এমএসপি সামিটে অংশগ্রহণের সুযোগ পাওয়ার জন্য প্রাথমিক বাছাই পর্বে অংশগ্রহণ করেন। সেখান থেকে ৩০টি দেশের ৩০ জন এমএসপি এই সামিটে অংশগ্রহণের সুযোগ লাভ করেছেন। এর আগে রাহাত গত বছর বিশ্বের সেরা দশ ছবি প্রক্রিয়াকরণ অ্যাপ ডেভেলপারের একজন হয়ে সুইডেনের লুন্ড শহরে অনুষ্ঠিত নকিয়ার হ্যাকাথনে অংশগ্রহণ করেন।
