হাট-বাজার, শহর-বন্দর, মসজিদ, মাদ্রাসা ও অফিস-আদালত ঘুরে ঘুরে গাইবান্ধার সাঘাটার আব্দুর রহিম (৭০) আতর-সুরমা বেচে সংসার চালান। জীবিকার তাগিদে তিনি গত দু’যুগ থেকে এই ব্যবসা করছেন। এলাকার আবাল-বৃদ্ধ-বনিতা সবার কাছে তিনি ‘আতর চাচা’ নামে পরিচিত। মুসলমানদের ঈদ কিংবা যে কোন ধর্মীয় অনুষ্ঠানের সময় চলে এলে এলাকায় আতর চাচার কদর বেশ বৃদ্ধি পায়। দীর্ঘদিন ধরে বিশ্বস্ততার সঙ্গে তিনি ব্যবসা করার কারণে এলাকার অন্য দোকানে এসব পণ্য পাওয়া গেলেও তার পরিচিত লোকজন আতর চাচার কাছেই ঈদের এই খরচটি করেন। গাইবান্ধার সাঘাটা উপজেলার লোকজনের কাছে আব্দুর রহিম ‘আতর চাচা’ হিসাবে পরিচিত। তিনি কখনো হাট-বাজার, কখনো মসজিদ-মাদ্রাসা, আবার কখনো অফিস-আদালতে ঘুরে বিশ্বস্ততার সঙ্গে দীর্ঘদিন ধরে এ ব্যবসা করে যাচ্ছেন। তিনি আরো জানান, আতর চাচার আতর-সুরমা ছাড়া অত্র এলাকার লোকজনের ঈদ অসম্পন্ন থেকে যায়। আব্দুর রহিম মিয়া বলেন, দুই ঈদে বেচা-বিক্রি বেশ বৃদ্ধি পায়। কিন্তু মূলধনের অভাবে বেশি মাল ক্রয় করতে পারি না।
