ফুলবাড়িতে ইউএনও না থাকায় বাড়ছে দুর্ভোগ

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২০:৫৭
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা না থাকায় উপজেলার বিভিন্ন দপ্তরের কাজ নিয়ে বিপাকে পড়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। জনসাধারণকে পড়তে হচ্ছে জন দুর্ভোগে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীর্ঘদিন থেকে নেই। শূন্য এই পদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। গত ২৬ জুন ফুলবাড়ী উপজেলার ইউএনও শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন অন্যত্র বদলি হওয়ায় ফুলবাড়ী উপজেলায় আবারও ইউএনওসহ কমিশনারের(ভূমি) পদটিতে শূন্যই থেকে যায়। বর্তমানে এই উপজেলায় ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) পদটিতে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন পাশের উপজেলার ইউএনও আবু হায়াত মোহাম্মদ রহমতুল্যাহ। নিজ উপজেলার পাশাপাশি অন্য উপজেলায় কাজ করতে বেগ পেতে হয় তাকে। ফলে ২২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফুলবাড়ী উপজেলার দাপ্তরিক কাজসহ অন্যান্য কাজের জন্য নাগেশ্বরীতে তার কাছে যেতে বাধ্য হচ্ছে ফুলবাড়ীবাসী।