নেত্রকোণা বারহাট্টা উপজেলার একাউন্টস বিভাগের জুনিয়র অডিটর আব্দুল্লাহ আল মামুনের বাসা হতে গত ২ জুলাই প্রকাশ্য দিবালোকে সংঘটিত ডাকাতির মালামাল নেত্রকোনার বারহাট্টা সার্কেলের এএসপি আমিনুল ইসলামের নেতৃত্বে ঢাকার মিরপুর ১০ নম্বর সেকশনের এক বাসা থেকে রবিবার উদ্ধার করেছে তেমনি ঢাকা থেকে তিন ডাকাতকেও গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছে, বরিশালের রুবেল, ময়মনসিংহের গফরগাঁওয়ের আনিস এবং নেত্রকোনার বারহাট্টার বর্মা গ্রামের শুভ্র। পুলিশ ডাকাতদের নিকট থেকে ৬ ভড়ি স্বর্ণালংকার এবং ৩৫ হাজার টাকা উদ্ধার করে।
বিজয়নগরে ২ ডাকাত আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও বিজয়নগর সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চান্দুরা-আখাউড়া সড়কের সাতগাঁও নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃতরা উপজেলার চান্দুরা ইউনিয়নের কামাউরা গ্রামের ডাকাত সর্দার বুলবুল হোসেন বুইল্লা (৩৫) ও তার সহযোগী কাজী হরমুজ আলী (৩২)। রবিবার রাতে ১৪/১৫ জনের একদল ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে চান্দুরা-আখাউড়া সড়কে সাতগাঁও নামক স্থান থেকে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ২ জনকে আটক করে। এ ব্যাপারে ওসি তদন্ত মোঃ সেলিম উদ্দিন জানান, এদের নামে বিজয়নগর থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
