বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় নয়জনের মৃত্যুর খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
স্বরূপকাঠির অবসরপ্রাপ্ত অধ্যক্ষের মৃত্যু
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সোহাগদল গ্রামের বাসিন্দা ও বাগেরহাট সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল হক (৬৮) গতকাল সোমবার সকাল ৯টায় ঢাকার হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট সোসাইটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার মিরপুর থেকে সদরঘাটের বাসায় আসার পথে মিরপুর ১ নম্বরে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে সে মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিত্সা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট সোসাইটি হাসপাতালে ভর্তি করা হয়।
জীবননগরে ভ্যান চালক নিহত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুরে গতকাল সোমবার একটি যাত্রীবাহি আলমসাধু সাইড দিতে গিয়ে ওষুধ কোম্পানীর মিনি কাভার্ড ভ্যানের সাথে যাত্রীবাহি বাসের সংঘর্ষে মনিরুল ইসলাম (৩০) নামে কার্ভার্ড ভ্যান চালক নিহত হন। এ সময় আরো চারজন আহত হয়েছেন। আহতদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জে রিকশা চালক নিহত
নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-শিমরাইল সড়কের সিদ্ধিরগঞ্জের সোনামিয়া বাজার এলাকায় গত রবিবার রাতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহ আলম (৩৩) নামে এক রিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু
সিরাজগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে গতকাল সোমবার সকালে রবিউল ইসলাম (৪০) নামে এক বিড়ি শ্রমিকের মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের বাসিন্দা এবং কিসমত বিড়ি ফ্যাক্টরির শ্রমিক।
সিরাজগঞ্জ রেলের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (ওয়ে) আব্দুল মান্নান জানান, ট্রেনটি রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে রবিউল ইসলামের ২ পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
রায়পুরে ছাত্রীর লাশ উদ্ধার
রায়পুর উপজেলার উত্তর চরপাতা গ্রামের বোয়ার্ডার বাজার এলাকা থেকে গত রবিবার রাত ৯টায় স্বপ্না আক্তার (১৪) নামে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বপ্না আক্তার রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় রায়পুর থানায় একটি অপমৃত্যুা মামলা হয়েছে।
রায়পুর থানার উপ-পরির্দশক মো. আবু নাসের বলেন, মৃত্যুটি রহস্যজনক হতে পারে। ময়না তদন্তের রির্পোট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
গোপালগঞ্জে মোটর সাইকেল
চালক নিহত
গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়ে গত রবিবার সন্ধ্যায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আলামিন শেখ (২৮) নামে এক মোটর সাইকেল চালক নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন, তুরফিন মোল্যা ও আরিফ শেখ এবং আব্দুল¬াহ শেখ। আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
কসবায় ট্রেনে কেটে
যুবকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবার রেল গেটের নিকট ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস উপজেলার মজলিমপুর রেল গেট পার হওয়ার সময় ঐ যুবক কারা পড়ে। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেলওয়ে থানার ওসি নূরুল আমিন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গাইবান্ধায় বিদ্যুত্স্পৃষ্টে গৃহবধূ নিহত
গাইবান্ধা শহরের সুখনগর এলাকায় বিদ্যুত্স্পৃষ্টে গতকাল সোমবার বিকালে সাজেদা বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তাকে বাঁচাতে গিয়ে আঁখি বেগম (৩২) নামে অপর এক প্রতিবেশী আহত হন। আহত আখি বেগমকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম জানান, চুরি ঠেকাতে প্রতিবেশী মিথেন মিয়া তার নির্মাণাধীন একটি ঘরের টিনের বেড়ায় এবং টিউবওয়েলে বিদ্যুতায়িত করে রাখেন। বিষয়টি না জেনে সাজেদা বেগম ওই টিউবওয়েলে খাবারের পানি আনতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কেউ কোন লিখিত অভিযোগ করেননি।
টঙ্গীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
গাজীপুরের টঙ্গীর ভরান এলাকার হাজী জলিল সড়ক থেকে গত রবিবার রাতে অজ্ঞাত পরিচয় (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে টঙ্গী থানা পুলিশ। নিহতের পরণে জিন্সের প্যান্ট ও ছাই রংয়ের হাফ শার্ট ছিল।
