আদমদীঘিতে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ গতকাল সোমবার সকালে বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে সভায় উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনুছ আলী, কৃষি অফিসার শাহাদুজ্জামান, আদনান বাবু, কাজী মনোয়ারুল হাসান, আলী হোসেন শামীম আনিছার রহমান ও আজাহার আলী প্রমুখ।
ময়মনসিংহে ফি-্রল্যান্সার টু এক্সট্রা কর্মসূচির প্রশিক্ষণ শুরু
ময়মনসিংহ প্রতিনিধি \ তথ্য-প্রযুক্তি সম্প্রসারণ, বেকার যুবকদের কর্মসংস্থান ও বর্তমান সরকারের ডিজিটাল কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহে জেলা প্রশাসন এবং ডাক, টেলিযোযোগ, তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় এর ফ্রি-ল্যান্সার টু এক্সটা কর্মসূচি আওতায় ৫ দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল সোমবার অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন জাহানের সভাপতিত্বে এ প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। এতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসানুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। প্রশিক্ষণে শাহেদ খান সনেট, জেনিথ লিংকন মজুমদার, সুব্রত দত্ত, কাজী আব্দুর রহমান শাওন প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। এতে মিডিয়াকর্মী, বেকার যুবক, ছাত্র, শিক্ষক, আইটি ব্যবসায়ী ও উদ্যোক্তাসহ অর্ধশতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
টেকনাফে ৬০ লাখ টাকার ইয়াবা জব্দ
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা \ কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে ২০ হাজার পিস মরণ নেশা ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৬০ লাখ টাকা বলে জানায় বিজিবি। বিজিবি জানায়, গতকাল সোমবার ভোরে টেকনাফ ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন সদর ইউনিয়নের নাজিরপাড়ার বিওপির সুবেদার মো. ইউছুপ মিয়ার নেতৃত্বে বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়ন নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ ইয়াবা উদ্ধার করে। এ সময় পাচারকারীরা পালিয়ে যায় পালিয়ে যায়।এ ব্যাপারে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল আবুজাল আল-জাহিদ ইয়াবা উদ্ধারের ঘটনা সত্যতা নিশ্চিত করেন।
নাঙ্গলকোটে দিশা- ল্যান প্রকল্পের অবহিতকরণ সভা
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার নাঙ্গলকোটে ক্যাটালিস্ট-হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশান পার্টনারশীপ লোকাল এগ্রি-বিজনেস নেটওয়ার্ক (ল্যান) ও ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশাল এডভান্সমেন্টের (দিশা) আয়োজনে উপজেলা পর্যায়ে ল্যান প্রকল্প অবহিতকরণ এবং উপজেলা ব্যবসায়ী সংগঠনের সাথে প্রকল্পের সমঝোতা স্মারক অনুষ্ঠান গতকাল সোমবার উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে সভায় আলোচনা করেন, উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, ভাইস চেয়ারম্যান কুলসুম আক্তার, পৌর মেয়র একেএম মনিরুজ্জামান খান, ভিপি হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসার সাইফুল হাসান আলামিন, মত্স্য অফিসার গোলাম মোস্তফা, যুব উন্নয়ন অফিসার মোঃ শাহজাহান, সাংবাদিক মজিবুর রহমান মোল্লা প্রমুখ।
নওগাঁয় জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা
নওগাঁ প্রতিনিধি \ নওগাঁয় জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক। জেলা প্রশাসক মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট শহীদুজ্জামান সরকার এমপি, নওগাঁ সদর আসনের সাংসদ আব্দুল মালেক এমপি, নওগাঁ-১ বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম, পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান, স্থানীয় সরকারের উপ-পরিচালক নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, জেলা কৃষি কর্মকর্তা নূরুজ্জামান মণ্ডল, সিভিল সার্জন ডা. আলাউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
নলছিটিতে ওপেন হাউস ডে
নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা \ নলছিটিতে পুলিশের ওপেন হাউস ডে ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে গত রোববার। এতে প্রধান অতিথি ছিলেন বরিশালের ডিআইজি ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মো. মজিদ আলী। ওসি আবুল খায়েরর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ছিদ্দিকুর রহমান, নলছিটি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. দুলাল শরীফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, নলছিটি প্রেসক্লাব সভাপতি মো. এনায়েত করিম, ইউপি চেয়ারম্যান এইচএম. আখতারুজ্জামান, মো. হোসেন আকন খোকন, নজরুল ইসলাম শাহিন, নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর কাজী জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
নেত্রকোনা জেলা ওলেমা লীগের নতুন কমিটি গঠন
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা জেলা ওলেমা লীগের পূর্বতন কমিটি বিলুপ্ত করে ৭১ সদস্য বিশিষ্ট জেলা ওলেমা লীগের কেন্দ্র থেকে নতুন কার্যকরি কমিটি গতকাল সোমবার ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার নেত্রকোনা জেলা প্রেসক্লাবে নবগঠিত কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম জানান, নবগঠিত কমিটির সভাপতি হচ্ছেন মোঃ জাহাঙ্গীর আলম, সম্পাদক হাফেজ মোঃ মাজাহারুল ইসলাম। এছাড়া সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক এবং ধর্ম বিষয়ক সম্পাদক হচ্ছেন মাওলানা মোঃ এনামুল হক। এছাড়া ১৩ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।
কুলাউড়ায় কাউন্সিলের বিরুদ্ধে মেয়রের সংবাদ সম্মেলন
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা \ কুলাউড়া পৌরসভার মেয়র কামাল আহমদ জুনেদ পৌরভবনে এক সংবাদ সম্মেলন অভিযোগ করেন জাল কার্ডে চাল না দেয়ায় এক কাউন্সিলর পৌর ভবনে ভাংচুর চালায়। ভাংচুর ঠেকাতে গিয়ে একজন কাউন্সিলার আহত হন। তিনি বলেন, রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সরকার কুলাউড়া পৌরসভাকে ৩০ টন ৮১০ কেজি ভিজএফ-এর চাল বরাদ্ধ করেন। জনসংখ্যার আনুপাতিক হারে উক্ত চাল পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলারদের নামে কার্ড তৈরি করে দেন। চাল বিতরণের এক পর্যায়ে মেয়রের কাছে প্রতিয়মান হয় ৮নং ওয়ার্ডের কিছু লোক জাল কার্ড দিয়ে চাল নিয়ে যাচ্ছে। তিনি চাল বিতরণ বন্ধ করে দেন। এই নিয়ে গোলযোগের সুত্রপাত হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত পৌরভবনে পুলিশ অবস্থান করছিল। অভিযুক্ত কাউন্সিলের বিরুদ্ধে মামলা করবেন বলে মেয়র জানান। ইউএনও মোহাম্মদ শামসুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লাপাড়া জামায়াত নেতা গ্রেপ্তার
উল্লাপাড়া (সিরাজগগঞ্জ) সংবাদদাতা \ উল্লাপাড়া উপজেলার জামায়াতের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল হামিদকে গতকাল সোমবার সকালে পুলিশ উপজেলার পুঠিয়া বাজার থেকে গ্রেপ্তার করেছে। তিনি উল্লাপাড়ার পুকুরপাড় গ্রামের বাসিন্দা। উল্লাপাড়া থানা সূত্রে জানা যায়, আব্দুল হামিদের বিরুদ্ধে থানায় ৭টি মামলা রয়েছে।
ইসরাইলী হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
গাইবান্ধা প্রতিনিধি \ ফিলিস্তিনে ইসরাইলী হামলা ও নির্বিচারে শিশুসহ মানুষ হত্যার প্রতিবাদে গতকাল সোমবার গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর জেলা কনভেনশন প্রস্তুতি কমিটি ওই কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভ মিছিল, মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাসদ নেতা আহসানুল হাবীব সাঈদ, মনজুর আলম মিঠু, নিলুফার ইয়াসমীন শিল্পী প্রমুখ। বক্তারা ইসরাইলী হামলার নিন্দা জানিয়ে বলেন, ফিলিস্তিনের মানুষের এই মহাবিপদের সময় জাতিসংঘ হাত-পা গুটিয়ে বসে থাকতে পারে না। বক্তারা ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকারসহ সারাবিশ্বের প্রতি আহ্বান জানান।
বিরামপুরে ফরমালিন যুক্ত সেমাই ধ্বংস
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুরের ভোক্তা অধিদপ্তর ও থানা পুলিশ বিরামপুর ঢাকা মোড়ে অভিযান চালিয়ে দু’টি দোকানে ফরমালিন যুক্ত সেমাই সনাক্ত করে সেগুলো ধ্বংস ও ১০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল সোমবার বাদ জোহর জাতীয় ভোক্তা অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক আঃ জব্বার ঢাকা মোড়ের মিজান ফল ভাণ্ডারে ও মাসুম বেকারিতে বিভিন্ন কোম্পানীর প্যাকেটজাত সেমাই পরীক্ষা করে সহনীয় মাত্রার অধিক ফরমালিন সনাক্ত করেন। এ সময় দোকান দু’টির ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ সেমাই রাস্তায় ফেলে দিয়ে ধ্বংস করা হয়। একই দল বিরামপুর নতুন বাজারে অভিযান চালিয়ে মাপের কাজে শীলপাল্লা ব্যবহারের অভিযোগে ৩টি দোকানের ৩ হাজার টাকা জরিমানা করেন।
কমলগঞ্জে ফলের দোকানে জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা \ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ফলের দোকানে ২৫ হাজার টাকা জরিমানা করেছে। ফরমালিকযুক্ত ফল গাড়ির চাকায় পিষে বিনষ্ট করা হয়। গতকাল সোমবার বেলা ২টায় এ অভিযান পরিচালিত হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে ও শমশেরনগর বাজারের ফলের দোকানে এ অভিযান পরিচালিত হয়। আম, আপেল, খেজুর ও আঙ্গুর পরীক্ষা করে এসব ফলে ফরমালিন পাওয়া যায়। ফলে ফরমালিন পেয়ে তিনটি দোকান মালিকের দুইজনকে দশ হাজার করে ও একজনকে ৫ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা মত্স্য কর্মকর্তা মো. আসাদ উল্যা, ভোক্তা অধিকার আইনের আল আমিন, কমলগঞ্জ থানার এসআই গৌরাঙ্গ।
সরাইলে ফলদ বৃক্ষ মেলা শুরু
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। গতকাল সোমবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামীকাল বুধবার পর্যন্ত। জানা যায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মেলা উপলক্ষে শোভাযাত্রা, আলোচনাসভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শের আলম মিয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মসীহুর রহমান। পরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করা হয়েছে।
বোদায় জাগপা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা
বোদা (পঞ্চগড়) সংবাদদাতা \ পঞ্চগড়ের বোদায় জাগপা ছাত্র লীগের উদ্যোগে গতকাল সোমবার উপজেলা সদরের ধানহাটি মাঠে এক ইফতার পার্টি ও মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান। উপজেলা জাগপা ছাত্র লীগের সভাপতি আবু নাঈম এর সভাপতিত্বে ইফতারপূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন জাগপা নেতা বীর মুক্তিযোদ্ধা আনছার আলী,গুলশান আলম প্রধান,তফিজ উদ্দীন আহমেদ বেলাল,সিরাজুল ইসলাম মাস্টার,জুয়েল কবীর,শাহদত হোসেন প্রধান ও ফজলুল করীম। ইফতার পার্টিতে বিশ দলীয় জোটের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশ নেন।
নওগাঁয় বজ্রপাতে আহত পাঁচ
নওগাঁ প্রতিনিধি \ নওগাঁ সদর্ উপজেলার বাইপাস এলাকায় গতকাল সোমবার দুপুরে তছিরন রাইচ মিলের চাতালে বজ্রপাতে ৫ শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, সদর উপজেলার উড়াপাড়া গ্রামের মাসুদ রানা, মালেপুর গ্রামের সবুজ হোসেন, টেলাপাড়ার রেশমা বেগম, ফেন্সি আকতার ও মোছা. আম্বিয়া। নওগাঁ সদর থানার ওসি জাকিরুল ইসলাম জানান, চাতালে ১০/১২ জন শ্রমিক বৃষ্টির সময় একটি বারান্দায় একত্র হন। দুপুর ২টায় একটি বজ্রপাত তাদের উপর আঘাত হানে। এতে ওই ৫ জন চাতাল শ্রমিক আহত হন।
গফরগাঁওয়ে ভেজাল বিরোধী অভিযান
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের গফরগাঁওয়ে হোটেল, ডায়াগনিস্টক সেন্টার ও মনোহারী দোকানে অভিযান চালিয়ে ৯টি প্রতিষ্ঠানে ৪১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পৌর শহরের স্টেশন রোড, জামতলা মোড়, হাসপাতাল রোড ও পাটমহল রোড এলাকায় গতকাল সোমবার দুপুরে ও রবিবার বিকালে এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল বারী ও এসিল্যান্ড মো. জিয়াউর রহমান এ অভিযানে নেতৃত্ব দেন।
বাঞ্ছারামপুরে ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী ফলজ ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হোসেন ছিদ্দিক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরদার, কৃষি কর্মকর্তা নোয়াখেরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এম এ আউয়াল, ইউপি চেয়ারম্যান হযরত আলী, যুব উন্নয়ন কর্মকর্তা ই আ ম মাসুদ মজুমদার, সমাজসেবা কর্মকর্তা সৌরভ আফরোজ, মহিলা বিষয়ক কর্মকর্তা লুত্ফন নাহার খানম, বীমা কর্মকর্তা মো. জাকারিয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বৃক্ষ মেলা শুরু
গোপালগঞ্জ প্রতিনিধি \ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গতকাল সোমবার থেকে ৩ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোমিনুর রহমানের সভাপতিত্বে বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি অতুল কৃষ্ণ মল্লিক প্রমুখ। সকালে এ উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা সদরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
আদমদীঘিতে ৩ মাদকসেবীর জেল
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে ৩ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে জেল দেয়া হয়েছে। পুলিশ জানায়, উপজেলার সান্দিড়া গ্রামের শাহার আলীর পুত্র আব্দুল ওহাবের ১৫ দিন, আয়েজ উদ্দীনের ছেলে মোজাফ্ফর হোসেনের ৩ মাস, সান্তাহার রথবাড়ী এলাকার ফিরোজ হোসেনের ছেলে রাজু আহম্মেদের ৬ মাস জেল হয়েছে। গত রবিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় দেন।
