উখিয়া শিক্ষা অফিসে শিক্ষকরা জিম্মি!

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২১:০৩
উখিয়ার শিক্ষা অফিসে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এর ফলে উপজেলার সহস্রাধিক প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা জিম্মি হয়ে পড়েছে। শিক্ষা অফিসের অফিস সহকারী বশির আহাম্মদের বেপরোয়া ঘুষ বাণিজ্য, অনিয়ম, দুর্নীতি ও সেচ্ছাচারিতার সীমা ছাড়িয়ে গেলেও যেন দেখার কেউ নেই। শিক্ষক-শিক্ষিকাদের নিয়ম-বহির্ভূত বদলিসহ নানা অজুহাতে টাকা আদায়ের ঘটনায় শিক্ষকদের মাঝে প্রচণ্ড ক্ষোভ ও চাপা উত্তেজনা বিরাজ করলেও কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। শিক্ষা কর্মকর্তার অসুস্থতার সুযোগেই সে এসব অনৈতিক কর্মকাণ্ডে চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাহাব উদ্দিন বলেন, শিক্ষা অফিসারের অসুস্থতার সুযোগে সে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মুহাম্মদ সালেহর কাছে বশির আহাম্মদের দুর্নীতির ব্যাপারে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে মোবাইল ফোনের সংযোগ কেটে দেন।