জার্মানির বিপক্ষে ফাইনালে শিষ্যরা গোলের অনেকগুলো সুযোগ কাজে লাগাতে না পারায় আফসোস করেছেন আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলা। রিও ডি জেনিরোর মারাকানায় রবিবার অনুষ্ঠিত শিরোপার চূড়ান্ত লড়াইয়ের প্রথমার্ধেই আর্জেন্টিনাকে এগিয়ে নেয়ার দুর্দান্ত একটি সুযোগ হারান গঞ্জালো হিগুয়াইন। দ্বিতীয়ার্ধের শুরুতেও আরো একটি সুযোগ নষ্ট করেন তারকা খেলোয়াড় লিওনেল মেসি।
জার্মানি সে তুলনায় ফাইনালে বেশিরভাগ বলই নিজেদের দখলে রেখেছে। অতিরিক্ত সময়ে ম্যারিও গোটজের দুর্দান্ত গোলে বিশ্বকাপ জেতে তারা। এ ব্যাপারে সাবেলা বলেছেন, ‘এটা অনেক ভারসাম্যপূর্ণ খেলা ছিল। তারা যেমন আমাদের চেয়ে বেশি বল দখলে রেখেছে। আমাদেরও উপরের দিকটা অনেক বেশি ধারালো ছিল। আমরা তাদের চেয়ে অনেক বেশি সুযোগও পেয়েছিলাম। যখন একটি খেলায় এ ধরনের সুযোগ পাওয়া যায়, তখন এটা অনেক ভারসাম্যপূর্ণ হয়। আপনাকে এই সুযোগগুলো নিতে হবে। তবে আমার মনে হয়েছে আমাদের কিছুটা দক্ষতার অভাব ছিল।’
সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে তীব্র প্রতিযোগিতাপূর্ণ লড়াইয়ের পর জার্মানির বিপক্ষে উজ্জীবিত ফুটবল খেলায় শিষ্যদের প্রশংসা করেছেন সাবেলা, ‘তাদের চেয়ে একদিন পর সেমিফাইনাল খেলেছি এবং ম্যাচটিতে অতিরিক্ত সময় খেলতে হয়েছিল আমাদের। এরপরও খেলোয়াড়রা দারুণ খেলেছে। এ ক্ষেত্রে আমি আমার খেলোয়াড়দের অভিনন্দন জানাতে পারি। তারা অসাধারণ কাজ করেছে। জার্মানিকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা।’
জার্মানিকে হারিয়ে ১৯৮৬ সালের পর আবারও বিশ্বকাপ জয়ের খুব নিকটে চলে এসেছিল আর্জেন্টিনা। অল্পের জন্য এটা আর সম্ভব হয়নি। তবে ফাইনালে আর্জেন্টিনা সামর্থ্যের সবকুটুই নিয়োজিত করেছিল বলে জানালেন কোচ সাবেলা, ‘এটা অনেক কষ্টদায়ক। ফাইনালে জয় পাওয়ার মতো আমাদের দারুণ একটি দল ছিল। অবশ্যই আমরা জিততে চেয়েছিলাম। যথার্থভাবে বললে, আমাদের আরও দক্ষতার প্রয়োজন ছিলো।’
শিষ্যদের হতাশায় দুঃখ প্রকাশ করলেন কোচও, ‘এই হারে খেলোয়াড়দের হতাশায় আমিও দুঃখিত। একই সঙ্গে সন্তুষ্টও। কেননা আমাদের অসাধারণ একটি দল আছে, যেটা সবকিছু দিয়ে খেলেছে। একজন কোচই সবসময় পারফরম্যান্সের মূল্যায়ন করে। আমি মনে করি সবকিছুর পরেও আমাদের পারফরম্যান্স অনেক ভাল ছিল। ঘামের শেষ বিন্দুটা দিয়ে পর্যন্ত তারা আর্জেন্টিনার জন্য লড়েছে।’
