টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ নেতা ও সোনালী ব্যাংকের টাঙ্গাইল জেলা শাখার সিবিএর সহ-সভাপতি শফিকুল ইসলাম শফির হত্যাকারীরা জামিনে এসেই মামলার বাদী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার মামলার বাদী এ অভিযোগ করেন।
জানা গেছে, সন্ত্রাসীদের হাতে নিহত শফির স্ত্রী আলেয়া বেগম, পুত্র সম্রাট ও কন্যা স্বর্ণার অভিযোগ এবং মির্জাপুর থানায় দায়ের করা মামলার বিবরণে জানা গেছে, গত ১৯ এপ্রিল রাতে রাজনৈতিক দ্বন্দ্ব এবং এলাকার বিরোধকে কেন্দ্র করে কুরনি গ্রামের জিন্না মিয়ার কন্যা বীণা, পুত্র মাসুদ, মামুন, রুম্মন মিয়ার ছেলে আনোয়ার ওরফে আনু, বহুরিয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে বাবলু, কুরনি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সুমন, আরিফসহ ১০/১২ জন সন্ত্রাসী মিলে শফিকে অপহরণ করে। অপহরণের পর নির্মমভাবে পিটিয়ে, কুপিয়ে ও পুড়িয়ে শফিকে হত্যা করে তারা। ঘটনার দুই দিন পর পুলিশ লাশ উদ্ধার করে। হত্যার পর শফির স্ত্রী আলেয়া বাদী হয়ে ২১ এপ্রিল মির্জাপুর থানায় হত্যা মামলা করেন। মামলার পর মির্জাপুর থানা পুলিশ আসামি বীণা, মাসুদ ও মামুনকে আটক করে জেল হাজতে পাঠালেও গত বৃহস্পতিবার তারা জামিনে বের হয়ে এসেছে। বের হয়ে এসেই আসামি ও তাদের সন্ত্রাসী বাহিনী শফির পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। হুমকি দিয়ে যাচ্ছে মামলা তুলে নেয়ার জন্য। ফলে নিরীহ পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেন। মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।
